টাঙ্গাইলের গোপালপুরে জঙ্গি হামলায় দরজি নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) হত্যার এক বছর পূর্ণ হলো। হত্যাকাণ্ডের পর নিখিলের স্ত্রীসহ তাঁর দুই ভাইয়ের সন্তানেরা আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যান। আতঙ্কে এখনো তাঁরা বাড়িতে ফেরেননি। নিখিলের স্ত্রী আরতি জোয়ারদার বলেছেন, ‘আবার কবে আইসা আমাগোরেও মাইরা থুইয়া যাইব, হেই চিন্তায় বাড়িতে থাকার সাহস পাই না।’
গত বছরের ৩০ এপ্রিল গোপালপুর পৌর এলাকার ডুবাইল বাজারে মোটরসাইকেলে আসা তিন যুবক নিখিলকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন। এই হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ঘটনার দিনই নিখিলের স্ত্রী আরতি জোয়ারদার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোপালপুর থানায় মামলা করেন। পুলিশ এই হত্যা মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র চূড়ান্ত করেছে বলে জানা গেছে।
ঘটনার পর নিখিলের বাড়িতে পুলিশের পাহারা বসেছিল। মাসখানেক পর তা তুলে নেওয়া হয়। এরপরই নিখিলের
আরতি জোয়ারদার বাড়ি ছেড়ে চলে যান। তিনি এখন দুই মেয়ে নিয়ে বাবার বাড়িসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে থাকছেন। একই অবস্থা নিখিলের ভাই অখিল ও ভোলানাথ জোয়ারদারের স্ত্রী-সন্তানদের। আতঙ্কে বাড়ি ছেড়েছেন তাঁরাও। এখন বাড়িতে শুধু থাকেন নিখিলের আরেক ভাই গোপাল জোয়ারদার। তিনি মানসিক প্রতিবন্ধী। অখিল ও ভোলানাথ আগেই মারা গেছেন।
আরতি জোয়ারদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে পুরো পরিবার নিয়ে উদ্বাস্তুর মতো জীবন যাপন করছেন। সবার মধ্যেই শুধু ভয় আর আতঙ্ক।
অখিল জোয়ারদারের ছেলে টিপু জোয়ারদার থাকেন গোপালপুর উপজেলা সদরে, নিজেদের পৈতৃক বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘কাকা ছিলেন পরিবারের প্রধান, সবাইরে আগলাইয়া রাখতেন। তিনিই বাড়ির সামনে খুন হইলেন। এরপর সবাই মানসিকভাবে ভেঙে পড়ছে। কেউ বাড়িতে থাকতে নিরাপদ বোধ করে না।’
এই হত্যা মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ।
পুলিশ সূত্র জানিয়েছে, গত বছরের ২ সেপ্টেম্বর এই মামলায় জড়িত সন্দেহে গোপালপুরের শাখারিয়া গ্রামের জেএমবি সদস্য মোসলেম ওরফে সুমনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন নিখিলকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তিনি। মোসলেম বলেন, হত্যাকাণ্ডে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মতিয়ার ওরফে হৃদয় এবং পঞ্চগড়ের দেবীগঞ্জের নজরুল ইসলাম ওরফে বাইক হাসানও জড়িত ছিলেন। হৃদয় পলাতক আছেন। রাজশাহীতে গত বছরের আগস্টে পুলিশের সঙ্গে এক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন নজরুল।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত জেএমবির সদস্যদের বাড়ি ভাড়া দেওয়ায় বাড়ির মালিক নাজমুল হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে। নজরুল নিহত হওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আলমনগর আলিম মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলামসহ তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।