'বাড়ির টুইয়োত পর্যন্ত পানি উঠে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোমরপানি ভেঙে আশ্রয়ের সন্ধানে ছুটছে তারাগঞ্জরে চিকলী গ্রামের বন্যাদুর্গত মানুষ। ছবিটি আজ মঙ্গলবার চিকলীর মোড় থেকে তোলা। ছবি: প্রথম আলো
কোমরপানি ভেঙে আশ্রয়ের সন্ধানে ছুটছে তারাগঞ্জরে চিকলী গ্রামের বন্যাদুর্গত মানুষ। ছবিটি আজ মঙ্গলবার চিকলীর মোড় থেকে তোলা। ছবি: প্রথম আলো

মুকুলের বাজার থেকে নৌকায় করে নারায়নজন গ্রাম যেতে দেখা যায়, সুলতানা আক্তার (৩৭) নামের এক নারী সাঁতার কেটে কোথাও যাচ্ছেন। নৌকায় তুলে নিলে তিনি বললেন, ‘পাঁচ দিন আগোত বাড়ির টুইয়োত পর্যন্ত পানি উঠে। খুব স্রোত। থাকা যায় না। বাধ্য হয়া ইকরচালী স্কুলের সমনোত উঁচা জাগাত উঠছি। ছোয়াগুলাক নিয়া খুবেই কষ্টে আছি। আইজ এ্যালাও ভাত পেটোত যায় নাই।’ 

রংপুরের তারাগঞ্জ উপজেলার এই দুই গ্রামসহ বেশ কয়েকটি গ্রাম বন্যার পানিতে থই থই। রাস্তাঘাট ডুবে গেছে। আজ মঙ্গলবার চিকলী গ্রামে দেখা যায়, সড়কপথে সেখানে যাওয়ার কোনো উপায় নেই। কলার ভেলা বা নৌকাই একমাত্র ভরসা।
চিকলী গ্রামের এক বছরের শিশু রাকিব হোসেনের তিন দিন ধরে সর্দি-জ্বর। চারদিকে বন্যার পানি থই থই করছে। রাকিবের বাড়িসহ পুরো এলাকা ডুবে গেছে। তিনটি গরু ও সাতটি ছাগল নিয়ে চার দিন ধরে মানবমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে তাঁর পরিবার। এখন সেখানেও পানি। এর মধ্যে আজ মঙ্গলবার রাকিবকে পানি ভেঙে চিকলীর বাজারে ডাক্তারের দেখানো হয়।
আলমপুর ইউনিয়নের আরেকটি গ্রাম মধুরামপুর দোলাপাড়া যেতে চোখে পড়ে পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট। গ্রামের পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়া চিকলী নদীর তীরের ঘরগুলো আছে চরম ঝুঁকিতে। এই গ্রামের কৃষক তৈয়ব আলী (৪৫) বলেন, পানি যত বাড়ছে, মানুষের কষ্টও তত বাড়ছে। নিজেদের থাকার সমস্যার সঙ্গে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
ইকরচালী ইউনিয়নের বালাপাড়া গ্রামের আবেদা বেগমের ভাঙা ঘরের সামনের দরজা দিয়ে যমুনেশ্বেরী নদীর পানি ঢুকে বের হচ্ছে ঘরের পেছন দিয়ে। কচুরিপানায় ভর্তি হয়েছে পুরো ঘর। খাটের ওপর জিনিসপত্র স্তূপ করে রাখা। খাটের এক পাশে অস্থায়ী চুলা তৈরি করে রান্নার ব্যবস্থা করেছেন। বন্যায় তাঁর ১৭টি হাঁস ও সাতটি মুরগি ভেসে গেছে।
এই পানির মধ্যে কীভাবে থাকছেন জানতে চাইলে বলেন, ‘ঘর ছাড়ি কোনটে যামো। চাইরো পেকে তো খালি পানি আর পানি। সাপ-জোঁকের ভয় নিয়া আছি। তা-ও কারও সাহায্য না পাওছি।’ গ্রামেরই দিনমজুর আফজাল হোসেন (৪০) বলেন, ‘কামকাজ নাই, কী করমো বাবা। চার দিন থাকি পানির মধ্যে আছি। এখন পর্যন্ত কায়ও একটা দানাও দেয় নাই।’
তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘উপজেলার ৩০ হাজার মানুষ পানিবন্দী। এসব মানুষকে ন্যূনতম এক কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করতে ইউএনওকে বলেছিলাম। কিন্তু তা হয়নি। আমার নিজস্ব তহবিল থেকে বন্যার্ত মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে।’
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা বলেন, সরকারিভাবে যে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে, তা আজ থেকে বিতরণ করা হচ্ছে।