‘বি-১’ ইউনিটের প্রশ্নপত্রে ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল ও অসংগতি ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘বি-১’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষার প্রশ্নপত্রে তিনটি প্রশ্ন ভুল ও একটি প্রশ্নে অংসগতি রয়েছে বলে পরীক্ষার্থীরা অভিযোগ করার পর কয়েকজন শিক্ষক এর সত্যতা নিশ্চিত করেন।গত মঙ্গলবার সকালে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।প্রশ্নপত্রে একটি প্রশ্ন ভুল থাকার বিষয়টি স্বীকার করেছেন ‘বি-১’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্রে একটি ভুল থাকায় ১০০ নম্বরের পরিবর্তে ৯৯ নম্বরে উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে।’ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্রের দুই নম্বর সেটের বাংলা অংশের ৪ ও ৩০ নম্বর প্রশ্নে পাঁচটি বিকল্প উত্তরের মধ্যে দুটি করে সঠিক উত্তর ছিল। ৪ নম্বর প্রশ্ন ছিল, ‘কোন লেখকের নামের বানান অশুদ্ধ?’ পাঁচটি বিকল্প উত্তরের মধ্যে দুটি সঠিক উত্তর ছিল। ৩০ নম্বর প্রশ্ন ছিল, ‘কোনটি জসীমউদ্দীনের রচনা?’ এ প্রশ্নেও দুটি সঠিক উত্তর ছিল।আবার ৩ নম্বর প্রশ্নে পাঁচটি বিকল্প উত্তরের জায়গায় চারটি বিকল্প উত্তর ছিল। শেষ বিকল্প উত্তরটির জায়গা ফাঁকা ছিল।সাধারণ জ্ঞান অংশের ২৪ নম্বর প্রশ্ন হচ্ছে: ‘জ্ঞান কী?’ পাঁচটি বিকল্প উত্তরের মধ্যে এ প্রশ্নের সঠিক উত্তর ছিল না বলে জানান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দুই শিক্ষক।দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহীন মোহাম্মদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দর্শনশাস্ত্রের আধুনিক তত্ত্বানুযায়ী এ প্রশ্নের সঠিক উত্তর পাঁচটি বিকল্প উত্তরের মধ্যে ছিল না।’এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বাংলা বিভাগের একজন শিক্ষক সাংবাদিকদের বলেন, ‘বি-১ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের বাংলা অংশে দুটি ভুল এবং একটি প্রশ্নে অসংগতি পাওয়া গেছে। কলা অনুষদের প্রশ্নে এ ধরনের ভুল রীতিমতো বিস্ময়কর।’