'বিইএম' নামের আরেক জঙ্গি সংগঠনের সন্ধান

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আদলে ‘বিইএম’ নামের আরেকটি জঙ্গি সংগঠনের তত্পরতার সন্ধান মিলেছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার ভোরে বগুড়ায় র্যাব-১২ বিশেষ কোম্পানির ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এ টি এম হাবিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
বগুড়ায় র্যাব ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ মিরান হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া জবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি বাসায় জঙ্গি সংগঠনের সশস্ত্র গোপন প্রশিক্ষণ চলছে—এমন খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে র্যাবের একটি দল বাসাটি ঘিরে ফেলে। পরে ভেতরে গিয়ে র্যাবের সদস্যরা দেখতে পান, একটি কক্ষে সশস্ত্র প্রশিক্ষণ চলছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় র্যাব তিনজনকে ধরে ফেললেও ১৬ থেকে ১৭ জন পালিয়ে যায়। ঘটনাস্থলে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে অস্ত্র, গুলি ও জিহাদি বই উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গতকাল অভিযানে আটক তিনজন হলেন ঢাকার কমলাপুরের মো. নাহিদ হোসেন (২০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাবু শেখ (২১) ও দিনাজপুরের ফিরোজ আলম (৩৫)।
আজ সংবাদ সম্মেলনে র্যাব দাবি করেছে, বাংলা ভাইয়ের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জঙ্গিরা জেএমবির আদলে বিইএম নামে দেশব্যাপী আরেকটি জঙ্গি সংগঠনের গোপন তত্পরতা চালিয়ে যাচ্ছে। গতকাল বগুড়ায় গোপন অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজন বিইএমের সামরিক শাখার সদস্য। এর মধ্যে র্যাব বিইএমের সামরিক, প্রশিক্ষণ ও গোয়েন্দা শাখার তত্পরতার সন্ধান পেয়েছে। এরা দেশে নতুন করে বড় ধরনের নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।
র্যাব জানায়, গতকাল বিইএমের প্রশিক্ষণশিবিরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, জঙ্গি সংগঠনটির বেশ কিছু নথি উদ্ধার করেছে র্যাব। এ সময় প্রশিক্ষণের একটি সময়সূচিও উদ্ধার করা হয়। প্রশিক্ষণশিবিরে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত সামরিক শাখার অস্ত্র প্রশিক্ষণ চলত।
র্যাবের অভিযানে একটি অত্যাধুনিক এসএমজি একে টুটু সাব মেশিনগান, জার্মানির তৈরি একটি এসএমজি, একটি বিদেশি পিস্তল, একটি অ্যামুনিশন ড্রাম, তিনটি ম্যাগাজিন, ৮০টি গুলি, বিদেশি ধারালো অস্ত্র, জঙ্গি প্রশিক্ষণের উপকরণ ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযান চলাকালে জঙ্গিদের হামলায় র্যাবের চারজন সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন ডিএডি আবদুল আলিম, সহকারী উপপরিদর্শক বিজিত কুমার এবং করপোরাল মতিয়ার রহমান ও জীবন।
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, পুরোনো রেকর্ড অনুযায়ী বাংলা ভাইয়ের নেতৃত্বে জেএমবি এক সময় বগুড়ায় সক্রিয় ছিল। বাংলা ভাইয়ের বাড়িও ছিল বগুড়ায়। আবার ঠনঠনিয়া এলাকায় এক সময় জেএমবি তত্পরতা চালাত বলেও গোয়েন্দা তথ্য রয়েছে। বিইএম নামে জঙ্গি সংগঠনটি বগুড়ায় তত্পরতা শুরু করায় এতে জেএমবির সদস্যদেরই নতুন করে তত্পরতা চালানোর সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না। পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে তিনি জানান।