'বিএনএফ নামে একটি চিজ দাঁড় করিয়েছে সরকার'
‘সরকার গোয়েন্দা সংস্থাকে দিয়ে বিএনএফ (বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট) নামে একটি চিজ দাঁড় করিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দেশপ্রেমিক নাগরিক পার্টি আয়োজিত আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। তিনি বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চায়। যাতে নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকা যায়।
রফিকুল ইসলাম মিয়া বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংকট সৃষ্টি করেছে। এ সংকটের সমাধান তাদেরই করতে হবে। একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করা হবে।
জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধানমন্ত্রী সরকারি টাকা খরচ করে দ্বারে দ্বারে নৌকায় ভোট চাচ্ছেন। ভোট চেয়ে লাভ হবে না। ভোটের বাক্স কেন্দ্রে পৌঁছাতে দেওয়া হবে না। সংগঠনের চেয়ারম্যান আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, নির্বাহী কমিটির সদস্য মো. হানিফ, হেলেন জেরিন খান প্রমুখ।