'বিএনপি-আ. লীগ আমাগো কথা ভাবে না'

‘হরতাল-অবরোধে মানুষ ঘর থাইক্যা (থেকে) বাইর (বের) হয় না। কেনাবেচা হবে ক্যামনে? বিএনপি-আওয়ামী লীগ আমাগো কথা ভাবে না। তারা নিজেগো কথা ভাবে। খালি ভোট নেওনের সময় আমাগো কাছে আহে। ভাই, আমরা খুব কষ্টে আছি। আমাগো কথা একটু ল্যাহেন।’ কথাগুলো রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের পূর্ব পাশের চায়ের দোকানি মো. রুবেলের।
দোকানি রুবেল জানালেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে তাঁর দোকানে প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি হয়। কিন্তু হরতাল-অবরোধের কারণে বর্তমানে বিক্রি অর্ধেকে নেমে এসেছে। প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকার বিক্রি করতেই বেগ পেতে হচ্ছে।
কেবল রুবেল নন, এমন বক্তব্য সেখানকার অধিকাংশ চায়ের দোকানির। টানা হরতাল-অবরোধে বিপাকে পড়েছেন তাঁদের মতো স্বল্প আয়ের মানুষেরা। অনেকে আবার হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। কোনো রকমে চলছে তাঁদের জীবন। রাজধানীর মতিঝিলের বিভিন্ন সড়কের ফুটপাতে কয়েক শ চায়ের দোকান রয়েছে। স্বাভাবিক অবস্থার চেয়ে হরতাল-অবরোধে অর্ধেকের নিচে নেমে এসেছে এসব দোকানির বিক্রি। আজ রোববার বিভিন্ন চায়ের দোকানির সঙ্গে কথা বলে এ অবস্থার কথা জানা গেছে।
মতিঝিলের মধুমিতা সিনেমা হলের বিপরীত পাশে চায়ের দোকান মো. রেজাউল করিমের। আজ দুপুর ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায় তিনি দোকান খুলছেন। তিনি বলেন, ‘হরতাল-অবরোধের কারণে কেনাবেচা নাই। তাই দুপুরে দোকান খুলছি। কী করব। বেঁচে তো থাকতে হবে।’ তিনি জানালেন, তাঁর দুই সন্তান পড়ালেখা করে। এই চায়ের দোকানেই চলে সংসার। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে কয়েক গুণ। এ অবস্থায় কেনাবেচা কমে যাওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।
চায়ের আরেক দোকানি মো. আবুল হাসনাত জানালেন, সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র এক হাজার টাকার বিক্রি হয়েছে। স্বাভাবিক অবস্থা থাকলে এ সময়ে অন্তত তিন হাজার টাকার বিক্রি হতো। বেচাকেনা নেই, তাই বসে আছেন বলে জানালেন তিনি।
বিরোধী দলের টানা অবরোধ-হরতালের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে জানিয়ে চা-দোকানিরা বিদ্যামান রাজনৈতিক সংকটের সুষ্ঠু সমাধান চাইলেন। অন্যথায় আরও বেশি কষ্টে পড়তে হবে বলে মনে করছেন স্বল্প আয়ের এই মানুষগুলো।