‘বিএনপি-জামায়াত জঙ্গি তাণ্ডব শুরু করেছে’
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, ‘দেশে মানবতাবিরোধী রাজাকারদের বিচার চলছে। এতে জাতির দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। অথচ বিএনপি-জামায়াত এ বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত ও মানবতার শত্রুদের রক্ষা করতে দেশে জঙ্গি তাণ্ডব শুরু করেছে।’ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে এক সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।বাঞ্ছারামপুরে গতকাল বিকেলে তাজুল ইসলাম দরিকান্দি ভোরের বাজারসংলগ্ন আবদুস সোবহান মাস্টার সেতু, দরিকান্দি-হাসননগর সেতু ও দরিকান্দি বাড্ডা আসমাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি উপজেলার দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দেশে চলমান যুদ্ধাপরাধী-রাজাকারদের বিচার-প্রক্রিয়া বন্ধে নানা ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত বিচারের স্বচ্ছতা নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারে নেমেছে। এই মিথ্যা প্রচার রোধে জনগণকে সচেতন হয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।