বিএনপি ও জামায়াতকে সঙ্গে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ আন্দোলনে নেমেছে। এতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলামের ঘোষিত লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থানে থাকলে তাতে চট্টগ্রাম আওয়ামী লীগ বাধা দেবে না। ধ্বংসযজ্ঞ চালানো হলে প্রতিহত করা হবে।গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি প্রত্যাহার করতে হেফাজতের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বিগত দিনে আমি হেফাজতের নেতাদের অনেক সহযোগিতা করেছি। সংঘাত আমরা চাই না। সংঘাত প্রতিহত করার সাহস ও যোগ্যতা আমাদের আছে। স্বাধীন দেশে সংঘাতের পথ বেছে নেওয়ার পরিণতি ভালো হবে না।’গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। এ সময় নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ লংমার্চে আপত্তি নেই দাবি করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন নিজেদের রাজনৈতিক দল হিসেবে পরিচয় না দিয়ে বিএনপি-জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে। তারা বিভিন্নভাবে হুংকার ছাড়ছে। এতে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হুংকারে আমরা ভীত নই।’শতাধিক সংগঠনের ডাকা হরতালে সমর্থন আছে কি না, এমন প্রশ্নের জবাবে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘শুরু থেকেই আমরা ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সঙ্গে ছিলাম। অতীতেও তাদের সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করে যাব।’হেফাজতের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হেফাজতের নামে কেউ কেউ বিদেশ থেকে টাকা এনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান। প্রাথমিকভাবে তাঁদের অবহিত করেছি শান্তিপূর্ণ কর্মসূচি দিতে, তা না করে তাঁরা হুংকার দিচ্ছেন।’লিখিত বক্তব্যে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘হেফাজতে ইসলাম নামের ব্যানারে আন্দোলনকারীদের অনেকেই আফগানিস্তান ও পাকিস্তানভিত্তিক বহুজাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মুফতি ইজাহার, মুফতি হান্নানসহ অনেকে একাধিকবার আফগানিস্তানে গিয়ে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশের অনেক দরিদ্র অসহায় মাদ্রাসাছাত্রকে তাঁদের সঙ্গে নিয়েছিলেন। বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় এঁদের হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল।’সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘হেফাজতের কর্মসূচিতে জামায়াত-শিবির সমর্থন দিয়েছে। হেফাজতে ইসলাম মহানবী (সা.) বা ইসলামের শান-মান রক্ষার কথা বললেও আসলে দেশে যুদ্ধাপরাধীদের বিচার বানচালকারীদের সন্ত্রাস ও নৈরাজ্যকে সহযোগিতা করার অপচেষ্টা চালাচ্ছে।’লিখিত বক্তব্যে খোরশেদ আলম আরও বলেন, ‘সরকারের এত পদক্ষেপের পরও যদি তারা (হেফাজত) নৈরাজ্যমূলক কর্মসূচি থেকে সরে না আসে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের দাবার ঘুঁটি হিসেবে দেশে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করে, তাহলে বঙ্গবন্ধুর কর্মীরা ঘরে বসে থাকবে না। যেকোনো মূল্যে দেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা প্রতিহত করা হবে।’অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, আওয়ামী লীগের নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী, সুনীল সরকার, শফিকুল ইসলাম, রেজাউল করিম চৌধুরী, বদিউল আলম প্রমুখ।