'বিএনপি-জামায়াতের নীতি ছিল মানুষকে ভিক্ষুক করে রাখা'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোটের নীতি ছিল নিজেদের স্বার্থে দেশের মানুষকে আজীবন ভিক্ষুক বানিয়ে রাখা। তারা কখনো চাইতো না যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) উদ্যোগে আয়োজিত ‘ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলন-২০১৭’-তে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট দেশটিকে ভিক্ষুকের সরদারের মতোই পরিচালনা করেছে। দেশের মানুষ যত গরিব থাকবে, জীর্ণশীর্ণ থাকবে, ততই লাভ। তাদের দেখিয়ে বিদেশ থেকে টাকা এনে ভাগাভাগিটা করা যাবে। দেশ খাদ্যে স্বনির্ভর হলে তো আর টাকা আসবে না। এ জন্য দেশবাসীকে ভিক্ষুক বানিয়ে রাখাই তাদের উদ্দেশ্য ছিল।’ তাঁর দল আওয়ামী লীগ বিএনপির মতো ভিক্ষুকের সরদার হয়ে থাকতে চায় না বলে তিনি মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা শাসক নয়, সেবক হয়ে দেশ পরিচালনা করেই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই। আর এখানেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।’
প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর-পরবর্তী সরকারগুলো এ দেশের উন্নয়নে কোনো কাজ না করে শুধু নিজেদের ভাগ্য গড়ায় ব্যস্ত হয়ে পড়ে। শুধু তা-ই নয়, যেহেতু অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে তারা ক্ষমতায় এসেছিল, তাই ক্ষমতাকে কীভাবে ধরে রাখবে, এ কাজেই তারা ব্যস্ত ছিল। দেশের মানুষের দিকে তাকানোর কোনো ফুরসত ছিল না। সঙ্গে সঙ্গে যেসব শিল্প-কলকারখানা ছিল, এমনকি আমাদের কৃষিভিত্তিক শিল্প যেগুলো পাকিস্তানিরা ফেলে যাওয়ার পরে জাতির পিতা জাতীয়করণের মাধ্যমে স্বাধীনতার পর চালু করেন, সেগুলো একে একে বন্ধ করে দেয়। অর্থাৎ, আমাদের দেশের অর্থনীতিকে পঙ্গু করে রাখাই তাদের লক্ষ্য ছিল। শুধু তা-ই নয়, বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী বিএডিসি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি সরকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব পায়। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। সব কৃষি উপকরণ দ্রুত কৃষকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। সারসহ সব উপকরণ কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা হয়। কৃষিতে ভর্তুকি পরিমাণ বৃদ্ধি করা হয়। কৃষি কারিগরি শূন্যপদে লোক নিয়োগের ব্যবস্থা করা হয়। খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়ে প্রায় তিন কোটি টনে পৌঁছায়। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।’
বিএনপি-জামায়াত জোট ২০০১ সালে ক্ষমতায় এলে কৃষি উৎপাদনে আবার স্থবিরতা নেমে আসে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সারের মূল্যের ঊর্ধ্বগতি, কৃষি উপকরণের দুষ্প্রাপ্যতা, অনিয়ম, অনাচার ও স্বেচ্ছাচারিতার কারণে আবার খাদ্যঘাটতির দেশে পরিণত হয়। সারের জন্য বিএনপি সরকার ১৯৯৫ সালে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। ২০০৬ সালে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত ২৪ কৃষককে গুলি করে হত্যা করে বিএনপি-জামায়াত জোট সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের আমলে কৃষি খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের সাবেক মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি এ টি এম আবুল কাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব মো. আবদুর রাশেদ খান।
অনুষ্ঠানে সংসদ সদস্যরা, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা, কূটনৈতিক মিশনের সদস্যরা, উন্নয়ন সহযোগী সংস্থার সদস্যরা, আমন্ত্রিত অতিথিরা, বিভিন্ন গবেষণাগারের কর্মকর্তারা, বিজ্ঞানীরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা উড়িয়ে ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলন-২০১৭-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন, এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়।