‘বিএনপি-জামায়াতের মিছিলে ওপরের নিষেধ আছে’
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, ‘মিছিল-সমাবেশের ব্যাপারে বিএনপি কোনো অনুমতি নেয়নি। এ কারণে তাদের মিছিল করতে দেওয়া হয়নি। তা ছাড়া বিএনপি জামায়াতে ইসলামীকে মিছিল-মিটিং করতে দেওয়ার ব্যাপারে ওপরের নিষেধ আছে।’ উপজেলা বিএনপি সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর ঢাকায় বিএনপির মিছিলে পুলিশের হামলা, গ্রেপ্তার ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল নবাবগঞ্জ বিএনপির বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এ উপলক্ষে গতকাল দুপুরে নবাবগঞ্জ উপজেলা (সাবেক সাংসদ আবদুল মান্নান) বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ ওসমানীর নেতৃত্বে উপজেলার শুরগঞ্জ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাগমারার দিকে অগ্রসর হয়। এ সময় নবাবগঞ্জ থানার পুলিশের একটি দল তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাগিবতণ্ডা শেষে ধাক্কাধাক্কি হয়। পরে মিছিলটি বাগমারা উচ্চবিদ্যালয়ের সামনে পথসভা করে। এ সময় বিএনপির নেতারা বলেন, মহাজোট সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করতে হামলা-মামলা করে বিরোধী দলকে হয়রানি করছে।পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, আবদুল বাতেন, যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, ছাত্রদলের ঢাকা জেলার সহসভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।