‘চট্টগ্রাম নগরের লালখান বাজার জামেয়াতুল উলুম মাদ্রাসাসহ কয়েকটি মাদ্রাসা অতীতে আফগানিস্তানে লোক পাঠিয়েছে। তারা জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। তারা এখন রাজনীতি করছে, হুমকি দিচ্ছে। বহিরাগত লোক এনে শহরের রাস্তা বন্ধ করছে। বিএনপি-জামায়াতের হাতিয়ার হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে হেফাজতে ইসলাম সক্রিয় বলে মনে করি।’ গতকাল বুধবার বিকেলে ১৪ দল আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এই অভিযোগ করেন। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘হঠাৎ করে হেফাজত নামের সংগঠন কিছু লোক নিয়ে রাস্তা দখলের চেষ্টা করছে। কেউ কেউ শহরকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে। হরতালের নামে শহরের ক্ষতি করে, বন্দর বন্ধ করে জাতির জন্য ধ্বংস ডেকে আনবেন না।’ কয়েকটি মাদ্রাসায় পুলিশের তল্লাশির আহ্বান জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘চ্যালেঞ্জ করে বলছি, লালখান বাজার মাদ্রাসা থেকে আফগানিস্তানে লোক পাঠিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেওয়া হয়েছে। আফগানিস্তানে প্রায় ২০ হাজার ছেলে গিয়ে ১০ হাজার মারা গেছে। পুলিশ, ডিজিএফআই ও এনএসআই তদন্ত করে দেখুক।’ তিনি বলেন, ‘জঙ্গিরা পাকিস্তান ও আফগানিস্তানকে ধ্বংস করেছে। বাংলাদেশকেও তারা আফগানিস্তান করতে চায়। সময় এলে তাদের প্রতিহত করবই।’