'বিএনপি জোট ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে। তাদের এজেন্ডা বাস্তবায়নে প্রগতিশীল চিন্তা-চেতনার ধারকবাহকদের নিশ্চিহ্ন করা হবে। বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করে আফগান-পাকিস্তানের সংস্কৃতির চর্চা করবে। যারা মাতৃভূমির বিরোধী যুদ্ধাপরাধী অপশক্তিকে নিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা কখনোই দেশের মানুষের জন্য শুভ চিন্তা করতে পারে না।

প্রতিমন্ত্রী গত শুক্রবার সন্ধ্যায় মেলেং স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি ঢাকার দোহার ও নবাবগঞ্জে ঈদের শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী প্রচারণায় গত দুই দিন ব্যস্ত সময় কাটান।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহার ছুটিতে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ব্যস্ত সময় কাটান আব্দুল মান্নান খান।

তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ও ২৫ অক্টোবর যাতে বিএনপি-জামায়াত অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সজাগ থেকে দলীয় নেতা-কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজপথে অবস্থান করার আহ্বান জানান।