'বিএনপি না এলে আ.লীগ একাই নির্বাচন করবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগ একাই নির্বাচন করবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, স্পিকার ডেকেছেন। এটাই শেষ সুযোগ। অন্তর্বর্তী সরকার কীভাবে চান, সংসদে এসে আলোচনা করুন। কিন্তু আপনারা যদি নির্বাচনে না আসেন, তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়ে একাই নির্বাচন করব। তিনি বলেন, সংবিধানসম্মতভাবে আগামী দিনে নির্বাচন হবেই। বিএনপি-জামায়াত আর হেফাজতে ইসলাম নির্বাচন প্রতিরোধে রাজপথে পাঁচ হাজার লোক জমায়েত করলে আওয়ামী লীগ ৫০ হাজার নেতা-কর্মী নিয়ে তাদের প্রতিরোধ করবে।
এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কদ্বীপে আওয়ামী সাংস্কৃতিক জোটের এক অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বক্তৃতা করেন। তিনি আয়োজকদের সমালোচনা করে বলেন, মঞ্চের সামনের লোকজন দেখে মনে হচ্ছে, অনুষ্ঠানটি শেখ হাসিনাকে ভালোবেসে নয়, কোনো বিশেষ উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকতে পারে। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা এত নিচে নামেনি যে এই রকম অনুষ্ঠানের আয়োজন করতে হবে। তিনি এই ধরনের আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানান।
ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অপর এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে এখনো আলোচনার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে তা সংসদে এসে দেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো গতকাল দিনভর নানা কর্মসূচি পালন করেছে। সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা হয়। দলীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন।