'বিএনপি নয়, আপনারাই জড়িত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম কে আনোয়ার
এম কে আনোয়ার

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘বিএনপির কেউ জড়িত থাকলে তাদের ধরুন। বিএনপি এ ঘটনায় জড়িত নয়, আপনারাই জড়িত।’ তিনি জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ দাবি জানান। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন: উত্তরণের উপায়’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ যে উদ্দেশ্যে ১৯৭৫-এ বাকশাল করেছিল, একই উদ্দেশ্যে ৫ জানুয়ারির নির্বাচন করেছে। বিএনপি সেই নির্বাচনে অংশ নিলে পরিস্থিতি আরও খারাপ হতো। বিএনপির নির্বাচনে না যাওয়া যথাযথ সিদ্ধান্ত ছিল।
সরকারকে হুঁশিয়ার করে বিএনপির এই নেতা বলেন, তাদের বিদায় নিতে হবে। সে বিদায় হবে অনেক বেশি বেদনাদায়ক। যত দ্রুত সম্ভব তিনি ক্ষমতা ছাড়ার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান।