পাবনা জেলা বিএনপির বিবদমান দুই অংশের বিরোধ আবার চরম আকার ধারণ করেছে। দলের দুই অংশ গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করে। বিদ্রোহী অংশ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে ১৫১ সদস্যবিশিষ্ট ‘বিএনপি রক্ষা কমিটি’ ঘোষণা করেছে।দলীয় সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীর সন্ধান, দেশব্যাপী সন্ত্রাস, হত্যা, গুম ও অপহরণ বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ছিল গতকাল। নেতা-কর্মীদের সমর্থন আদায় করতে দুই পক্ষই ব্যাপক প্রস্তুতি নেয়। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে নেতা-কর্মী ও সমর্থকদের ডাকা হয় জেলা শহরে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পৃথক মিছিল নিয়ে দলের দুই অংশের নেতা-কর্মীরা শহরে সমবেত হতে থাকেন। নবগঠিত জেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা সমবেত হন শহরের দলীয় কার্যালয়ে। অন্যদিকে বিদ্রোহী অংশের নেতারা পাশের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে জড়ো হন।দুপুর ১২টার দিকে প্রথমে বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ১৫১ সদস্যবিশিষ্ট ‘বিএনপি রক্ষা কমিটি’ ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সাংসদ সিরাজুল ইসলাম সরদারকে সভাপতি এবং পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নতুন ঘোষিত বিএনপি রক্ষা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঈশ্বরদী পৌরসভার মেয়র মোকলেসুর রহমানসহ প্রমুখ বক্তৃতা করেন।সভাপতির বক্তব্যে নতুন ঘোষিত কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সরদার বলেন, ‘দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাদের বাদ দিয়ে কিছু সুবিধাভোগী লোক, যারা কখনো বিএনপি করেনি, তাদের নিয়ে জেলা বিএনপির কমিটি করা হয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই কমিটি মানি না।’বিদ্রোহী অংশের সমাবেশের পর মাঠে নামেন জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে নবগঠিত কমিটি নেতাদের নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে অপর এক সমাবেশে জেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি কে এস মাহমুদের সভাপতিত্বে বক্তৃতা করেন সহসভাপতি আবদুস সামাদ খানসহ এই অংশের নেতা-কর্মীরা।নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চেয়ারপারসনের অনুমোদিত জেলা বিএনপির কমিটি উপেক্ষা করে যারা “বিএনপি রক্ষা কমিটি” তৈরি করেছে, তারা দলকে ধ্বংস করতে চায়।’প্রসঙ্গত, ২০০৯ সালের জুনে কমিটি গঠন নিয়ে জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একপর্যায়ে সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসানের নেতৃত্বে বিদ্রোহী অংশ আত্মপ্রকাশ করে। এর পর থেকে তিন বছর ধরে দলের দুই অংশ পৃথক দলীয় কর্মকাণ্ড পালন করে আসছে। গত ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ১৭২ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এর পর থেকে বিরোধ আরও বাড়তে থাকে।