'বিএনপিকে আরও ৫ বছর অপেক্ষা করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

বিরোধী দল বিএনপিকে জাতীয় নির্বাচনের জন্য আরও পাঁচ বছর অপেক্ষা করতে বললেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
আজ রোববার সাভার বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় ১৪ দলে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তোফায়েল এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা এ বছর ১২ জানুয়ারি সরকার গঠন করার পর ২৯ জানুয়ারি সংসদ অধিবেশন বসে। সুতরাং, আগামী নির্বাচন ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। তাই বিএনপিকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হন। সে ব্যাপারে যদি আলোচনা করতে চান, তাহলে সংলাপের জন্য আমরা প্রস্তুত আছি।’
সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, তরিকত ফেডারেশনের মহাসচিব এম. এ আউয়াল, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান স্থানীয় সাংসদ এনামুর রহমান প্রমুখ।