'বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না'
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সঙ্গে কোনো সংলাপ নেই। তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। কোনোভাবেই তাদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। ভোলার চরফ্যাশনে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে শনিবার তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী দল। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত রোহিঙ্গাদের সন্ত্রাসী কাজে, জঙ্গি তৎপরতায় ব্যবহার করার চেষ্টা করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। তারা নির্বাচনী মাঠকে অস্থিতিশীল ও প্রশ্নবিদ্ধ করবে। বিএনপি প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সঙ্গে কোনো সংলাপ নেই। তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। কোনোভাবেই তাদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’
একই দিনে মনপুরা উপজেলায় এক হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন খাদ্যগুদামের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী। এ ছাড়া চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নে আব্দুল্যাহ আল-ইসলাম ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন করেছেন তিনি।
মনপুরা উপজেলা মিলনায়তনে শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলনেও যোগ দেন খাদ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষায় আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। মনপুরায় সম্মেলন শেষে উপজেলা শ্রমিক লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।