'বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘পচলটা কে?’ এমন প্রশ্ন রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা) যে ইলেকশন না করেই পচে যাচ্ছেন। এখন তো ফরমালিন দিয়ে তাজা রাখা হচ্ছে। আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি। উনারা তাজা থাকুক। ফরমালিন তো দেওয়া হচ্ছে, না হলে এত তাজা থাকে কী করে?’
আজ শনিবার বিকেলে গণভবনে চার দিনের জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলন শেষে সরকারকে পচতে সময় দেওয়া প্রসঙ্গে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
জাপানে সম্প্রতি তাঁর সফর সফল হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাপানের সম্রাট এবং প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ছয় বিলিয়ন (৬০০ কোটি) মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার।

বৈধতার প্রশ্ন যারা তোলে তাদের জন্মই অবৈধ
যুদ্ধাপরাধের বিচার ও সরকারের বৈধতা নিয়ে এক প্রশ্ন করা হয়। এর উত্তরে শেখ হাসিনা বলেন, যাদের সরকারের বৈধতা ছিল না, তারাই বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। যারা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, তাদের বৈধতা ছিল কি না, সে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছিলেন বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘অস্ত্র ঠেকিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিল জিয়াউর রহমান। মানুষ একদিন দেখল তিনি রাষ্ট্রপতি হলেন। যাদের অবৈধভাবে ক্ষমতার যাত্রা শুরু, তারাই অন্যের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। এরা ক্ষমতায় আসলে প্রথমে রাজনীতিবিদদের ধোলাই দেয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে বাংলাদেশে প্রতি রাতেই কারফিউ ছিল। যারা অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে তারা অন্য দলকে অবৈধ বলে কী করে। তারা নির্বাচন না করলে এর দায় কে নেবে? এর দায় জাতি কেন নেবে? তারা নির্বাচনে না এসে মানুষ খুন করল, রেললাইন উপড়ে ফেলল, ৫৫ জন ড্রাইভার ও হেলপারকে হত্যা করল। কেউ এগুলো নিয়ে কথা বলল না। যারা মানুষ হত্যা করে নির্বাচন ঠেকাতে চেয়েছে, তারা নির্বাচন ঠেকিয়ে কী আনত, মিলিটারি ডিকটেটর। যারা বৈধতার প্রশ্ন তোলে তাদের জন্মই অবৈধ।’

নির্বাচনে অ্যাডমিনিস্ট্রেটরসহ সবাই সরকারের সঙ্গে ছিল
বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে তারা অগণতান্ত্রিক কাউকে ক্ষমতায় আনতে কাজ করেছে। আজ পর্যন্ত বাংলাদেশে একটা সরকার দেখান, যাদের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটরসহ সবাই সরকারের সঙ্গে ছিল।’
যুদ্ধাপরাধের মামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিচার কে বন্ধ করেছিল— জিয়াউর রহমান। তিনি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের ছেড়ে দেন। কাজ যেটা শুরু হয়েছে, সেটা শেষ করব। আমার পিতা-মাতাকে হত্যা করা হয়েছে। বিচার শুরু হতে ২১ বছর লেগেছে, আমি ক্ষমতায় এসে বিচার শুরু করি।’

কাদের মোল্লার ফাঁসি ঠেকাতে কেরি-মুন ফোন করেছেন
শেখ হাসিনা বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি না দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ফোন করেছেন। কিন্তু রায় বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশে কেউ আছে যে এমন সাহস দেখাতে পারে? বঙ্গবন্ধুর কন্যা পেরেছে। আমি জীবনের মায়া করি না, জাতিকে কলঙ্কমুক্ত করতে আমি কাজ করব। জিয়া ও এরশাদ খুনিদের পুনর্বাসন করেছেন। যারা খুনিদের পার্লামেন্টে বসায়, তারা কীভাবে এসব নিয়ে কথা বলে?’ তিনি উপস্থিত সাংবাদিকদের আশ্বাস দিয়ে বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার হবে, আমার ওপর ভরসা রাখেন।’

আইনমন্ত্রীর বক্তব্য আইনগতভাবে সঠিক
জামায়তে ইসলামীর বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, জামায়াতের বিচার নিয়ে একটি কেস হাইকোর্টে পেন্ডিং আছে, একটা চলমান থাকতে অন্যটা চলতে পারে না। আইনমন্ত্রী যেটা বলেছেন সেটা আইনগতভাবে সঠিক, এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।

ভারতের সব সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি

ভারতের মোদি সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে করা এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ এই সময়ে আমি সরকারের দায়িত্ব পালন করি। এ সময়ে কংগ্রেস, বিজেপি, জনতা দলের সরকারসহ পাঁচ দলের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি। তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করেছি। পানি চুক্তি করেছি। ল্যান্ড বাউন্ডারির বিষয়ে কথা বলেছি। খালেদা-এরশাদ তো এ বিষয়ে কথা বলার সাহস পায়নি। আমরা কথা বলেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিব-ইন্দিরা চুক্তি নিয়ে অনেক সমালোচনা দেশে হয়েছে। দেশ ভারতের হয়ে গেল বলেও নানা সমালোচনা হয়েছে। এখন আবার সবাই বলছেন, মুজিব-ইন্দিরা চুক্তির পূর্ণ বাস্তবায়ন চাই। ১৯৯১ সালে খালেদা জিয়া ভারত সফরে গিয়ে গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা চাইতে ভুলে গেছেন।’

পানি চুক্তির দায় ভারতের ওপর বর্তায়
শেখ হাসিনা বলেন, তিস্তার পানি চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, সেটা চলবে, এর দায় ভারতের ওপর বর্তায়। তিনি বলেন, ‘আমার পানি চাই। আমরা কিছু কাজ করছি, নদী ড্রেজিং করছি। ভাটির দেশ হিসেবে আমার নদীতে পানি আসবেই। আমরা পানি ধরে রাখার ব্যবস্থা করছি।’

র‌্যাব একটা বাস্তবতা
নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনায় সরকার বিব্রত কি না এবং র‌্যাব বাতিলের যে কথা সম্প্রতি উঠেছে তা বিবেচনা করছেন কি না—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘র‌্যাব একটা বাস্তবতা। বিএনপির সময়ে অপারেশন ক্লিন হার্ট দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ মেরে কুলাতে না পেরে র‌্যাব করল। রক্ষী বাহিনীর নিয়ে এত সমালোচনা, অথচ ২০০৪ সালে র‌্যাব গঠনের পর এক হাজার লোক মারা হলো। তখন তো সমালোচনা হয় নাই। র‌্যাব দীর্ঘদিন চলতে চলতে একটা প্রতিষ্ঠানে দাঁড়াচ্ছে। তখন যদি আমার পরামর্শ শুনতেন, তাহলে তো এমন হতো না। র‌্যাব কিছু ভালো কাজ যে করে নাই, তা তো নয়।’