‘বিএনপিকে সুবিধা দিতেই সেনা মোতায়েন’
২০০৬ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতা ছাড়ার পর গঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের আমলে সারা দেশে সেনা মোতায়েনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিএনপিকে সুযোগ করে দিতেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ এটা করেছেন। এতে বিএনপিই লাভবান হবে, কেননা সেনাবাহিনী বিএনপিপন্থী।২০০৬ সালের ১০ ডিসেম্বর ঢাকায় মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো তারবার্তা থেকে এ কথা জানা গেছে। গত ৩০ আগস্ট উইকিলিকস ওই তারবার্তা ফাঁস করেছে।৯ ডিসেম্বর সারা দেশে সেনা মোতায়েনের নির্দেশ দেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। এর পরদিন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস ও ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।শেখ হাসিনা জানান, সেনাবাহিনী নিরপেক্ষভাবে কাজ করে কি না সেটা দেখার অপেক্ষায় আছেন তাঁরা। তবে বরিশালে তাঁর ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর বাসায় সেনাবাহিনীর অভিযান চালানোয় সেনাবাহিনীর অবস্থান নিয়ে তিনি উদ্বিগ্ন।হাসিনা বলেন, ভোটার নিবন্ধনের কাজ ঠিকঠাকমতো হচ্ছে না। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ অভিযোগ করবে। ওই দিনের গণমাধ্যমের একটি খবরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ঢাকার একটি আসনে আওয়ামী লীগের পাঁচ হাজার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ হাসিনা জানান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঙ্গে আর কোনো আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘তাঁরা আমাদের অবস্থান জানেন এবং জানেন কী করতে হবে।’