‘বিএনপির নিজস্বতা বলে কিছু নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ‘ইনিয়ে বিনিয়ে’ যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা, সশস্ত্র তাণ্ডবসহ রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে খালেদা জিয়া প্রমাণ দিয়েছেন, বিএনপির নিজস্ব রাজনৈতিক অবস্থান বলে আর কিছু নেই। গতকাল শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন দলটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি এ সময় বলেন, বিএনপি সম্পূর্ণভাবে জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তির ওপর নির্ভরশীল একটি দল এবং খালেদা জিয়া জামায়াতের অঘোষিত আমির। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে গত শুক্রবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন হাসানুল হক ইনু। তিনি বলেন, খালেদা জিয়া পুলিশকে অস্ত্র পরিত্যাগের আহ্বান না জানিয়ে যদি জামায়াত-শিবিরের গুন্ডাদের অস্ত্র সংবরণ করতে বলতেন, তাহলে পরিস্থিতি এমন হতো না। এক প্রশ্নের জবাবে ইনু বলেন, গণতান্ত্রিক দলগুলো যদি জামায়াতকে পরিত্যাগ করত, তাহলে দলটি কোণঠাসা হতো। খালেদা জিয়া জামায়াত-শিবিরের গুন্ডাদের ধমক দিলে জনগণও আশ্বস্ত হতো। কিন্তু জামায়াতের দুই দিনের হরতালের পর হরতাল ডেকে তিনি চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। তথ্যমন্ত্রী বলেন, গত কয়েক দিনের ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে ২৫ মার্চের গণহত্যাকে ম্লান করেছেন খালেদা জিয়া। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে যে সহিংসতা ঘটেছে সে সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলতে চাই, ১৫ থেকে ১৬টি জেলায় সশস্ত্র ঘটনা ঘটেছে। তা নিরস্ত্র জনগণের ওপর প্রশাসনের হামলা ছিল না। কোথাও কোনো গণতান্ত্রিক আন্দোলন হয়নি। কিছু চিহ্নিত, মুখচেনা, জামায়াত-শিবিরের সশস্ত্র গুন্ডারা সংঘবদ্ধ, চোরাগোপ্তা, জঙ্গিবাদী হামলা চালিয়েছে।’