'বিএনপির প্রতি ঘৃণা হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ১৮ দলের হরতালে অগ্নিদগ্ধ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে জয় এ মন্তব্য করেন।
জয় বলেন, ‘বিএনপির প্রতি আমার এমন ঘৃণা হচ্ছে যে এরা মানুষের জাত না, রাজনৈতিক দল তো দূরের কথা। এরা সন্ত্রাসীর দল। এরা মানুষের জাত না।’ তিনি আরও বলেন, ‘আজকে এখানে এসে যে ভয়ংকর ও অমানুষিক কার্যকলাপ দেখলাম, এ রকমভাবে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, এটা একদম অমানুষিক। এটা কোনো রাজনৈতিক দল করবে এটা অবিশ্বাস্য।’
আহতদের দেখার কথা বর্ণনা করে জয় বলেন, ‘এখানে ছোট ছোট শিশুদের দেখলাম। আট বছরের এক মেয়ে সুমি। ওকে দেখে আমার কাঁদা এসে যাচ্ছিল। আমার মেয়ের বয়স সাত বছর। কল্পনাও করতে পারি না, একজন বাপ হিসেবে এ দেশে এরকমভাবে কেউ আহত হোক।’
বিরোধী দলের অভিযোগ, সরকারের অনড় অবস্থানের কারণেই এ অবস্থা তৈরি হচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘তার জন্য তারা (বিরোধী দল) আগুন দিয়ে এভাবে মানুষ পোড়াচ্ছে? তারা তো মানুষের জাত না। যারা নিরীহ শিশুদের আগুন দিয়ে পোড়াতে পারে, তার জন্য কোনো কারণ নেই, কোনোই কারণ নেই।’
এ ধরনের ঘটনা তো যুগের পর যুগ ধরে চলে এসেছে— সাংবাদিকদের এমন জিজ্ঞাসার জবাবে জয় বলেন, ‘এ অবস্থা কোনো দিন দেখি নাই। আমরা কোনো দিন দেখি নাই একত্তরের পর। বাসে শিশুদের আগুন দিয়ে পোড়ানো, এটা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন ঘটেনি।’
জয়ের আগমন উপলক্ষে বেলা তিনটার দিকেই স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে এসে উপস্থিত হন। ছাত্রলীগ ও যুবলীগেরও অনেক নেতা-কর্মী সেখানে অবস্থান নেন। স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনও কর্মীদের নিয়ে সেখানে আসেন। এরপর জয় আহতদের ঘুরে দেখেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
জয় বিকেল সাড়ে চারটার দিকে পৌঁছালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রকল্পের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেনসহ মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সাংসদ ভবনের ফটক থেকে তাঁকে ওপরে নিয়ে যান। এ সময় আগত নেতা-কর্মীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়ের নামে স্লোগান দেন।
এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদের একটি প্রতিনিধিদল হরতালে আহতদের দেখতে গতকাল বার্ন ইউনিটে যায়।