'বিএনপির লংমার্চ সরকার পতনের আন্দোলনের মতোই ব্যর্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দলের আন্দোলনে তিস্তায় পানি আসেনি। তিস্তায় পানি আসা নিয়ে তাদের আন্দোলনের কোনো সাফল্য নেই। বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ সরকার পতনের আন্দোলনের মতোই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।’

আজ শুক্রবার সকালে ৯৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল-হামকুড়িয়া-চাটমোহর সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই লংমার্চে জনগণের সম্পৃক্ততা ছিল না। বিএনপির অনেক নেতা-কর্মীও সাড়া দেননি। এমনকি লংমার্চে বিএনপির নেত্রী খালেদা জিয়াও আসেননি। আন্দোলন করে সরকার পতন ঘটানোর শক্তি, সাহস, সামর্থ্য কোনোটাই বিএনপির নেই।

আগামী জুন মাসে পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কোনো সরকার স্থায়ী নয়। সরকার আসবে-যাবে, কিন্তু পদ্মা সেতু থাকবে। জনগণের সম্পদ পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। এটা এখন দৃশ্যমান বাস্তবতা। আগামী সাড়ে তিন বছরের মধ্যে পদ্মা সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে।’


যোগাযোগমন্ত্রী জানান, যমুনা নদীর পাটুরিয়া-নগরবাড়ী-দৌলতদিয়া রুটে ‘ওয়াই’ আকৃতির দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হবে। এ ছাড়া সড়ক-মহাসড়কে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল রোধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।

উন্নয়নকাজ পরিদর্শন শেষে হান্ডিয়াল উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মকবুল হোসেন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম, সড়ক ও জনপথ বিভাগ পাবনার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, ধ্রুব কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম চৌধুরী প্রমুখ।