'বিএনপির সঙ্গে আলোচনায় শুধু সময় নষ্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সঙ্গে আলোচনায় বসলে শুধু ঝগড়া ও সময় নষ্ট হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত ৫ জানুয়ারির পর বিএনপি দেউলিয়া হয়ে গেছে। এখন আর নীতি পরিবর্তনের বা নির্বাচনেরও সুযোগ নেই। আলোচনা করেও কোনো লাভ নেই। ৫ জানুয়ারি নির্বাচন না হলে থাইল্যান্ডের মতো সামরিক শাসন জারি হতো দেশে।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে গণআজাদী লীগের সভাপতি প্রয়াত আবদুস সামাদ স্মরণে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।
স্মরণসভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যার জন্য খালেদা জিয়াকে আগে জনগণের কাছে মাফ চাইতে হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আবদুস সামাদ ছিলেন অসাম্প্রদায়িক। তিনি সারা জীবন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন।