জনবল বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে বিএসটিআইকে মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
গতকাল মঙ্গলবার বিশ্ব মান দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত আলোচনায় বক্তারা এ কথা বলেন। বিএসটিআইয়ের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কনজু৵মারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক মো. শওকত হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।
স্বাগত বক্তব্যে মো. শওকত হোসেন বলেন, বিএসটিআই স্থানীয় প্রশাসনের সহায়তায় নিম্নমানের পণ্য বিপণনের বিরুদ্ধে গত এক বছরে ১২৭টি ভ্রাম্যমাণ আদালত এবং ৮০টি বিশেষ অভিযান পরিচালনা করে। ইতিমধ্যে বিএসটিআইয়ের সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও কুমিল্লা জেলা এবং রংপুর, ফরিদপুর, ময়মনসিংহে স্থায়ী অফিস কাম ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘সরকার অত্যন্ত আন্তরিকতা নিয়ে ভোক্তা অধিকার আইন প্রণয়ন করেছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভোক্তা। আইন প্রয়োগকারী সংস্থা, শিল্পপতি এবং সংশ্লিষ্ট সবার সমন্বয়ের মাধ্যমে পণ্যের মান বজায় রাখার কাজে এগিয়ে এলে আমরা এর সুফল পাব।’
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বিএসটিআইকে আধুনিকায়ন করতে হবে। মান নিয়ন্ত্রণে আধুনিক টেস্টিং ল্যাবরেটরি, জনবল বৃদ্ধি এবং এর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে একে মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।’