বিকল্প ব্যবস্থা চালু না করে উড়ালসড়ক নির্মাণকাজ শুরু করার কারণে চট্টগ্রাম যানজটের নগরে পরিণত হয়েছে। এ জন্য নগরবাসীর গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। যানজট নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পুলিশের ট্রাফিক বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয় করতে হবে।
গতকাল রোববার কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির যৌথ বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য উড়ালসড়ক নির্মাণের কথা বলা হলেও বিকল্প উপায়ে যান চলাচলের কোনো ব্যবস্থা করা হয়নি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগেই সাময়িক বিকল্প ব্যবস্থা নির্ধারণ করা হয়। কিন্তু এখানে কোনো প্রকার পূর্বপ্রস্তুতি ও বিকল্প ব্যবস্থা নির্ধারণ না করেই কাজ করা হয়। এতে প্রকল্পের কাজ শেষ হলেও তার সুফল জনগণ পায় না।
বিবৃতিতে আরও বলা হয়, নগরের মূল সড়ক সিডিএ অ্যাভিনিউয়ের বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা আজ মরণফাঁদে পরিণত হয়েছে। এ ছাড়া বিমানবন্দরগামী সড়কে দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো ও ফেরত আসা পুরোটাই অনিশ্চিত। নগরবাসীর দুর্ভোগ দূর করার জন্য নির্মাণাধীন উড়ালসড়কের সঙ্গে সংশ্লিষ্ট সড়কগুলো থেকে প্রতিবন্ধকতা দূর, সংযোগ সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করা, খানাখন্দ সংস্কার, রাস্তার ওপর পড়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, নগর সভাপতি জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক অজয় মিত্র, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান প্রমুখ।