বৈমানিকদের ধর্মঘটের কারণে তিন দিন ফ্লাইট বন্ধ থাকার পর গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ‘বিকল্প ব্যবস্থায়’ অভ্যন্তরীণ একটি গন্তব্যে ফ্লাইট চালিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ।
দেশের বেসরকারি এই বিমান পরিবহন সংস্থাটির বৈমানিকেরা বকেয়া বেতনের দাবিতে গত বুধবার থেকে ধর্মঘট শুরু করেন। ফলে ইউনাইটেডের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সবগুলো গন্তব্যের ফ্লাইট বন্ধ হয়ে যায়।
ইউনাইটেড এয়ারের সহকারী মহাব্যবস্থাপক (বিপণন ও জনসংযোগ) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৈমানিকদের ধর্মঘট অব্যাহত থাকায় কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থায় গতকাল সন্ধ্যা ছয়টায় ঢাকা-যশোর ফ্লাইট পরিচালনা করেছে। আজ শনিবার চট্টগ্রাম থেকে জেদ্দায় এবং ঢাকা-চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরের ফ্লাইট চালানো হবে। তিনি জানান, কয়েক দিনের মধ্যে সব ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
প্রতিষ্ঠানটির অপর একটি সূত্র জানায়, ইউনাইটেডের ১২ জন বৈমানিক রয়েছেন। তাঁরা মার্চ মাসের বেতন পাননি। বেতনের দাবিতে তাঁরা মঙ্গলবার রাত থেকে কর্মবিরতি শুরু করেন। তবে ফার্স্ট অফিসার বা সহকারী পাইলটরা ধর্মঘটে নেই বলে সূত্রটি জানায়।
এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো ইউনাইটেড কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈমানিকদের অস্বাভাবিক ও উদ্দেশ্যমূলক দাবি পরোক্ষভাবে কোম্পানির অগ্রযাত্রাকে শুধু ব্যাহতই করছে না, সার্বিকভাবে ইউনাইটেড এয়ারওয়েজকে বন্ধ করার পাঁয়তারা চলছে বলেই ধারণা করা হয়।
অবশ্য এ বিষয়ে ধর্মঘটি বৈমানিকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।