'বিকাশের জন্য বই পড়লেই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়া কর্মসূচি–২০১৬–এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বই হাতে শিক্ষার্থীরা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়া কর্মসূচি–২০১৬–এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বই হাতে শিক্ষার্থীরা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘মানুষ জন্মেছে প্রাণী হয়ে। সেটা একধরনের মানুষ। আরেক ধরনের মানুষ হচ্ছে বিকশিত মানুষ। এই বিকাশের জন্য কেবল বই পড়লেই হবে। কারণ যে বই পড়ে, সে কবিতাও পড়ে, গান শোনে, চিত্রকলা বোঝে; পূর্ণিমার আলো, নীল আকাশ—সবই বোঝে।
গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা মহানগরের স্কুলপর্যায়ে বইপড়া কর্মসূচির দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসবের শুরুর পর্বে আবদুল্লাহ আবু সায়ীদ বই নিয়ে তাঁর এই ভাবনার কথা বলেন।
উৎসবের উদ্বোধনী দিনে দুই পর্বে ঢাকার ৮৪টি বিদ্যালয়ের মোট ৩ হাজার ৮৪১ পড়ুয়াকে পুরস্কার দেওয়া হয়। তারা প্রত্যেকে ২০১৬ সালের বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়েছে। আজ শনিবার তৃতীয় পর্বে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি ক্যাটাগরিতে আরও ২৭টি বিদ্যালয়ের ১ হাজার ৮৪৭ জন পড়ুয়াকে পুরস্কার দেওয়া হবে।
উৎসব উপলক্ষে গতকাল সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-সংলগ্ন মাঠটি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। সকাল সাড়ে আটটার মধ্যেই উৎসব প্রাঙ্গণে হাজির হয় বইপড়ুয়া কিশোর-কিশোরীরা। আবদুল্লাহ আবু সায়ীদ আমন্ত্রিত অতিথিদের নিয়ে রঙিন বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।
উৎসবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালের বইপড়া কর্মসূচিতে ঢাকা মহানগর এলাকার মোট ২০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। সারা দেশে সব কর্মসূচি মিলিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের মোট পাঠক দাঁড়িয়েছে ২৫ লাখে। এর মধ্যে ২৩ লাখই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।
উদ্বোধনী পর্বে বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘এই বয়সে তোমরা যে বই-ই পড়বে, ভবিষ্যতে সেটা কোনো না কোনো কাজে লাগবে। ২০৩০ সালের মধ্যে আমরা একটা সমৃদ্ধ জাতিতে পরিণত হতে চাই। আমরা আশা করব তোমাদের মাধ্যমেই সেই সমৃদ্ধি আসবে।’ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন শিক্ষার্থীদের আরও বেশি বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের সামনে এসে দাঁড়ালে নিজেকে খুব আলোকিত মনে হয়। তোমাদের আলোয় একদিন বাংলাদেশ আলোকিত হবে।’
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, জ্ঞানের চেয়ে কল্পনাশক্তি বেশি প্রয়োজন। বই মানুষের সেই কল্পনাশক্তিকে উসকে দেয়। বাংলাদেশের সবাই যদি বই পড়ে, তাহলে এই দেশকে নিয়ে আর চিন্তা করতে হবে না। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বিশ্বখ্যাত প্রকৌশলী ফজলুর রহমান খানের একটি উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলেন, জীবন হলো সংগীত। জীবন হলো নাটক। জীবন হলো সাহিত্য। সবচেয়ে বড় কথা, জীবন হলো মানুষ।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রকৌশলী রফিক উদ্দিন বলেন, ‘তোমরা সৌভাগ্যবান যে বই পড়ার জন্য তোমাদের পুরস্কৃত করা হচ্ছে। আমাদের অভিভাবকেরা এ জন্য আমাদের তিরস্কার করতেন।’
এই উৎসবের পৃষ্ঠপোষক গ্রামীণফোন লিমিটেডের অ্যাক্টিং হেড অব কমিউনিকেশন তালাত কামাল বিশ্বসাহিত্য কেন্দ্রকে অভিহিত করেন একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রতিষ্ঠান হিসেবে। তাঁর মতে, বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি বাংলাদেশের তরুণ প্রজন্মকে উদ্ভাসিত করছে।
উৎসবের শুরুর পর্বে সূচনা বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ। আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ ও শিশুসাহিত্যিক আলী ইমাম।