‘বিক্রমপুরি বৌদ্ধবিহার’ প্রত্নতত্ত্ব বিভাগে!
প্রখ্যাত বৌদ্ধ ধর্মপ্রচারক ও পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান মুন্সিগঞ্জের (প্রাচীন বিক্রমপুর) রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে সম্প্রতি সন্ধান পাওয়া বিক্রমপুরি বৌদ্ধবিহারটি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম গতকাল শনিবার বৌদ্ধবিহারটি পরিদর্শন করে এ ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব সফিকুল ইসলাম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তার, লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম সারওয়ার প্রমুখ। বৌদ্ধবিহারটি ঘুরিয়ে দেখান অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ-উল-আলম লেনিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। তাঁরা পরিদর্শনে আসা ব্যক্তিদের কাছে খনন ও গবেষণাকাজের নানা দিক তুলে ধরেন। মুন্সিগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ও প্রত্নতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান ঐতিহ্য অন্বেষণের যৌথ উদ্যোগে পরিচালিত গবেষণা ও প্রত্নতাত্ত্বিক খননে এ বৌদ্ধবিহারের সন্ধান মেলে। ২৩ মার্চ সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে সন্ধান পাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ২০১০ সাল থেকে এখানে খনন ও গবেষণাকাজ শুরু হয়।বৌদ্ধবিহারটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে খননকাজের উদ্যোক্তা ও গবেষকেরা বলছেন, প্রত্নতত্ত্ব বিভাগ যেসব প্রাচীন প্রত্ননিদর্শন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে, সেগুলোর কার্যক্রম সাইনবোর্ড-সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। যে অবস্থায় তারা গ্রহণ করেছে সেই অবস্থাতেই প্রত্ননিদর্শনগুলো পড়ে রয়েছে। খনন ও গবেষণাকাজে নেতৃত্বদানকারী সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা এত দিন আর্থিক কষ্টের মধ্যে দিয়ে খনন ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছি। অনেক কষ্ট শিকার করে এই বৌদ্ধবিহারটি আমরা আবিষ্কার করেছি। আমরা এটি প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে দিতে চাই না। কিন্তু তারা নিতে আগ্রহী। প্রত্নতত্ত্ব বিভাগ এটি নিয়ে গিয়ে কিছুই করতে পারবে না।’ তিনি জানান, তাঁরা শত কষ্ট শিকার করে হলেও খননকাজ করে যেতে চান। এই অঞ্চলে আরও বৌদ্ধবিহার রয়েছে বলে তিনি মনে করেন। সুরাইয়া বেগম বলেন, ‘খননকাজে সংস্কৃতি মন্ত্রণালয় সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও করবে। কিন্তু এই খনন যেভাবে চলছে, তাঁরা তো বেশি দূরে নিয়ে যেতে পারবেন না। কারণ, এর জন্য অনেক অর্থ ও জনবলের প্রয়োজন। তাঁদের তো সেটা নেই। তবে আস্তে আস্তে সরকার এটা প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে যাবে।’ সেই উদ্যোগ শুরু হয়েছে বলে জানান তিনি। লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, এই খননকাজ দেশের ইতিহাস রচনায় বিরাট ভূমিকা রাখবে। এই খননকাজের মধ্য দিয়ে দেশের এক হাজার বছরের ইতিহাস বেরিয়ে আসছে।মো. সাইফুল হাসান বলেন, পর্যটকেরা যাতে সহজে পরিদর্শনে আসতে পারেন, সে জন্য বৌদ্ধবিহারে যাওয়ার সড়কটি শিগগিরই উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হবে।