‘বিচার চাইব কার কাছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাবা দেশের বরেণ্য ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন তিন টাকা মূল্য কলমের পেশাদারি সাংবাদিক। এ জন্য তাঁর হত্যার সাত বছর পেরিয়ে গেলেও আইন-প্রয়োগকারী সংস্থা হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি। এখন আমরা কার কাছে বিচার চাইব? কে আমার বাবার হত্যার বিচার করবে?’প্রতিবাদ সভার বক্তব্যে এ কথা বলে কান্নায় চোখ মুছতে থাকেন উত্তরাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী। গতকাল রোববার ছিল এই প্রথিতযশা সাংবাদিকের সপ্তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শেরপুর প্রেসক্লাব কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, বিএনপির নেতা জানে আলম, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, শেরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রোস্তম আলী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, সাংবাদিক সাইফুল বারী প্রমুখ।২০০৪ সালের ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী কর্মস্থল শেষে শেরপুর শহরের নিজ বাড়িতে ফেরার পথে দুষ্কৃতকারীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন।