‘বিচার না পাইলে মুই এ জীবন থুম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলায় ১৫ বছরের এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। রংপুরের তারাগঞ্জ উপজেলার শেরমস্ত ডাঙ্গাপাড়া গ্রামের এক সন্তানের জনক দুলু মিয়ার (২৬) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। প্রথমে সালিস-বৈঠকে এ ব্যাপারে মীমাংসার চেষ্টা করা হয়। এতে সমাধান না হওয়ায় মেয়ের বাবা দুলুর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন। আসামিরা মেয়েটির পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সালিসে দুলু তাঁর দোষ স্বীকারও করেছেন। কিন্তু মেয়েটিকে বিয়ে করতে রাজি হননি। তিনি জরিমানা দিতে চেয়েছেন। এরপর মেয়েটির বাবা দুলুর বিরুদ্ধে গত ১০ আগস্ট রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ একটি অভিযোগ দেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণের জন্য তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। গত ৬ সেপ্টেম্বর আদালতের নির্দেশটি তারাগঞ্জ থানায় এসে পৌঁছায়। মামলার সূত্রে জানা গেছে, মেয়েটির বাবা ইটভাটায় কাজ করে সংসার চালান। গত ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় মেয়েটি বাড়ির বাইরে গেলে দুলু তাকে ধর্ষণ করেন। মেয়েটি কান্নাকাটি করলে দুলু তাকে প্রাণনাশের হুমকি দেন। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মেয়েটি ঘরের ভেতর বসে কান্নাকাটি করছে। সে বলে, ‘তোমরা মোর একটা ব্যবস্থা করি দেও। সমাজোত মুই মুখ দেখপার পাইছুন না। দুলু গামচা দিয়া মুখ বান্দি জোর করি মোর ইজ্জত কারি নিছে। পরে বিয়াও করিবার চায়া মোর সাথে মেলাবার মেলামিশা করছে। মুই ওর বিচার চাও। বিচার না পাইলে মুই এ জীবন থুম (রাখব) না।’ মেয়েটির বাবা বলেন, ‘গত ২৮ জুন সালিস ডাকা হয়। সালিসে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় নিরুপায় হয়ে আমি মামলা করি। এর পর থেকে আসামির বাবা মামলা তুলে নেওয়ার জন্য নানা রকম চাপ দিচ্ছেন।’ স্থানীয় বাসিন্দা মুকুল চৌধুরী, বাবু মিয়া, হাসেম আলী, আমিনুল হক, আলেফ উদ্দিন, রেজেওয়ানুল হক জানান, ‘এসব ঘটনায় সালিস করা ঠিক নয়। তার পরও আমরা গ্রামবাসী দুই পক্ষকে নিয়ে বিষয়টি সমাধান করতে চেয়েছিলাম। কিন্তু দুলু মিয়া তা শোনেননি। সালিসে দুলু তাঁর দোষ স্বীকার করলেও মেয়েটিকে বিয়ে করতে রাজি হননি। তিনি ৪০ হাজার টাকা জরিমানা দিতে চেয়েছেন।’দুলুর দাদি জোবেদা খাতুন ও মা জমিলা খাতুন জানান, দুলু মিয়া চক্রান্তের শিকার। তারাগঞ্জ থানার ওসি জাহেদুল হক চৌধুরী বলেন, ‘আমরা মামলাটি গুরুত্ব সহকারে দেখছি। মেয়েটি যেন সুবিচার পায়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’