'বিচার না হলে রামুর মতো ঘটনা ঘটতেই থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে অতি দ্রুত। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে রামু স্মরণে ‘আলোর শরণে কাটুক অন্ধকার’ শীর্ষক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রামুতে বৌদ্ধবিহার ও বসতির ওপর হামলার এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ছাত্র সংসদ এ সভার আয়োজন করে। এ ছাড়া আলোকচিত্র প্রদর্শনী, সংহতি, স্মরণ ও প্রদীপ প্রজ্বালন করা হয় অনুষ্ঠানে।
সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, সাপের সঙ্গে বসবাস করা যেমন সম্ভব নয়; তেমনি সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গেও বসবাস সম্ভব নয়। রামুর ঘটনা শুধু বৌদ্ধদের ওপরই হামলা নয়, এটি বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করার চেষ্টাও।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ধর্মের নামে রাজনীতি বন্ধ না করা হলে ধর্মের নামে সংখ্যালঘুদের ওপর হামলার বিচারও হবে না। তিনি নিউইয়র্কে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নিউইয়র্কে গিয়ে বললেন জামায়াত রাজনৈতিক দল। কিন্তু তিনি ভুলে গেছেন ব্লগার রাজীবকে যখন হত্যা করা হয়, তখন তিনি বলেছেন জামায়াত রাজনৈতিক দল নয়। আমেরিকায় গেলে জামায়াত রাজনৈতিক দল আর বাংলাদেশে থাকলে রাজনৈতিক দল নয়। এভাবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা যাবে না।’