'বিচার না হলে হত্যাকারীরা উৎসাহ পায়'

দেশে একের পর এক খুন হলেও খুনিদের বিচারের আওতায় আনা যাচ্ছে না। বারবার হত্যা করেও তারা পার পেয়ে যাচ্ছে। একটি হত্যার বিচার না হলে হত্যাকারীরা আরেকটি হত্যায় উৎসাহ পায়। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষকেরা এক মহাসমাবেশ করেন। সেখানেই তাঁদের বক্তব্যে এসব কথা ওঠে আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এ মহাসমাবেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা অংশ নেন।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসার কাছেই অধ্যাপক সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সমাবেশে অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার দ্রুত বিচার চেয়ে তাঁর মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, ‘দেশে যেভাবে বিচারহীনতার সংস্কৃতি দেখছি, তাতে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। একটা বিচার না হওয়ার অর্থ পরবর্তী অপরাধকে উসকানি দেওয়া। আমরা যদি বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে না পারি, তাহলে ১৪ ডিসেম্বর শুধু বুদ্ধিজীবী দিবস থাকবে না, ৩৬৫ দিনই বুদ্ধিজীবী দিবস পালন করতেও হতে পারে।’
সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে একের পর এক গুপ্তহত্যা হচ্ছে। খুনিরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী একের পর এক খুন করে যাচ্ছে, কিন্তু আমরা তাদের বিচারের আওতায় আনতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। যে অসাম্প্রদায়িকতার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই অসাম্প্রদায়িকতার চেতনা থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি।’ এক যুগে চার শিক্ষকের হত্যার কথা উল্লেখ করে ফরিদ উদ্দিন আহমেদ বলেন, হত্যাকারীরা বারবার পার পেয়ে যাচ্ছে। হত্যাকারীরা আশকারা পেয়ে শক্তি সঞ্চয় করে আবার এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
অধ্যাপক সিদ্দিকী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানানোর পাশাপাশি বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘আজকে যারা অধ্যাপক রেজাউলের নামে কুৎসা করছে, তারা পুরো বাংলাদেশের নামে কুৎসা করছে। তারা সেই সম্প্রদায়, যারা বর্বর, যারা সংস্কৃতি জানে না, মুক্তবুদ্ধি জানে না, ইতিহাস জানে না, শুধু সবকিছু স্তব্ধ করে দিতে জানে। আমাদের এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
সমাবেশে অধ্যাপক সিদ্দিকীর স্ত্রী হোসনে আরা বলেন, ‘আজ ১১টা দিন পেরিয়ে গেল, তারপরও কেউ কোনো আশা দিতে পারল না। আমি কি সিদ্দিকীর হত্যার বিচার পাব? এর আগে যাঁরা হত্যা হয়েছে, তাঁরা কি বিচার পেয়েছেন?’ তিনি আরও বলেন, ‘দেশের আর কোনো স্ত্রীকে যেন তাঁর স্বামীর হত্যাকাণ্ডের পর এভাবে সমাবেশে বক্তব্য দিতে না হয়। আমি অনেক কিছু হারিয়েছি। এই বিচার পেয়ে যাতে এটুকু সান্ত্বনা পাই যে তাঁর হত্যার বিচার পেলাম।’
মহাসমাবেশে সংহতি প্রকাশ করে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজীব, অভিজিৎ কিংবা দীপনকে হত্যা করা হলো, কিন্তু তাঁদের হত্যার বিচার করা যায়নি। অনেক সংখ্যালঘুকে হত্যা করা হচ্ছে, তারা জানেই না তাদের অপরাধ কী? ফজলে হোসেন বাদশা আরও বলেন, ‘আজ নিহত অধ্যাপকের স্ত্রী, কন্যা বিচার চাইছেন। কিন্তু তাঁদের এ বিচারের নিশ্চয়তা কে দেবে? যদি এভাবে দেশে বিচারহীনতা চলতেই থাকে, তাহলে দেশে একসময় গণ-অভ্যুত্থান হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘অধ্যাপক রেজাউলকে হত্যা করে বিশ্ববিদ্যালয়কে হত্যা করা হয়েছে। কারণ, বিশ্ববিদ্যালয় মুক্তিবুদ্ধির জায়গা, আর রেজাউল মুক্তবুদ্ধির চর্চা করতেন। বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আন্দোলনকে বেগবান করতে হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজমের সঞ্চালনায় এবং সমিতির সভাপতি মো. শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মোকাদ্দাম হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নীরেন্দ্র নাথ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন প্রমুখ।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দেন।