‘বিচার বিভাগকে কুক্ষিগত করার জন্য মরিয়া বর্তমান সরকার। নানাভাবে চেষ্টা যে চলছে, তার প্রমাণ এখন আদালতের রায়। বিচার বিভাগকে দলীয়করণসহ সব গণতন্ত্রহীনতার প্রতিবাদ গড়ে তুলুন। দেশের মানুষের কাছে এর কোনো বিকল্প নেই।’
সিপিবি-বাসদ-বাম মোর্চা সিলেট জেলা শাখার সমাবেশে সভাপতির বক্তব্যে সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার সন্ধ্যায় নগরের কোর্ট পয়েন্টে এ সমাবেশ হয়।
বাসদ জেলা শাখার সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বাসদের জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার সদস্য হুমায়ূন রশীদ, সিপিবির সদস্য খায়রুল হাসান, বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি সুশান্ত সিনহা, বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক রিদেষ মুদি প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচা তো দূরের কথা, নিজের কথা প্রকাশ করতেও পারছে না। একদিকে সুইস ব্যাংকে প্রভাবশালীরা পাহাড়সমান টাকা জমাচ্ছেন, আরেক দিকে মালয়েশিয়া, কানাডা, সুইজারল্যান্ড, জাপানে নিজেদের বিলাসবহুল বাড়ি বানাচ্ছেন। দেশে দলীয় নেতাদের হাতে মানুষ এখন জিম্মি। নারী ও শিশু নির্যাতন বেড়েই চলেছে।
বক্তারা দ্বিদলীয় রাজনৈতিক বৃত্তের কারণে এমনটি হচ্ছে জানিয়ে বক্তারা বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান।