'বিচারকদের বয়সসীমা নিয়ে নির্বাহী বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে'
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, অধস্তন আদালতের বিচারকদের অবসরের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে প্রজাতন্ত্রের নির্বাহী বিভাগের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কথা বলে জানাতে হবে। বিচারকদের বয়সসীমা বাড়ানোর ক্ষেত্রে নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি গতকাল রোববার আদালতে এমন তথ্য তুলে ধরেন।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে গতকাল এ বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, ‘বেতন-ভাতাসংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন হয়েছে। খাজাঞ্চিখানা থেকে টাকা আনা সবচেয়ে কঠিন। তাই অন্য সুপারিশগুলো বাস্তবায়ন করতে পারব বলে আশা করি। বয়স বাড়ালে অন্য সরকারি কর্মকর্তাদের মধ্যে কী প্রভাব পড়ে, সেটা অনেক সময় সরকারকে দেখতে হয়। যদিও বিচারকদের সঙ্গে অন্য বিভাগের কর্মকর্তাদের কোনো তুলনা করা ঠিক নয়।’
আবেদনকারীদের (মাসদার হোসেন) আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, বিচারকদের বয়সসীমা ৬২ করার ক্ষেত্রে আলাদাভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতের বিচারকদের অবসরের বয়সসীমা বাড়ানো না হলে ৪৮ জন জেলা ও দায়রা জজ অবসরে চলে যাবেন।
বিচার বিভাগ পৃথক্করণ-সংক্রান্ত মামলাটি ‘মাসদার হোসেন মামলা’ হিসেবে পরিচিত। এই মামলায় রায়ের মধ্য দিয়ে ২০০৭ সালে পৃথক বিচার বিভাগ যাত্রা শুরু করে। রায়ের পর জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০০৯ সালের ২ জুন বিচার বিভাগীয় কর্মকর্তাদের অবসরের বয়সসীমা ৬২ বছর করার সুপারিশ করে।