'বিচারবহির্ভূত' হত্যা বন্ধের আহ্বান এইচআরডব্লিউর
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কথিত বিচারবহির্ভূত হত্যা বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নিউইয়র্কভিত্তিক প্রভাবশালী সংগঠনটি বলেছে, সরকারের উচিত এ বিষয়ে সাম্প্রতিক অভিযোগগুলোর একটি নিরপেক্ষ তদন্তের উদ্যোগ নেওয়া।
গত সোমবার দেওয়া এক বিবৃতিতে এইচআরডব্লিউ আরও বলেছে, সরকারের উচিত নিরাপত্তা হেফাজতে নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে প্রকাশ্য নির্দেশ দেওয়া।
বিবৃতিতে বলা হয়, পুলিশ, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিরোধী দলের সমর্থকদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। তাঁদের অনেকের বিরুদ্ধে গত ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনের দিন ও আগে সহিংস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগ আছে।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করে থাকে, গ্রেপ্তারের পর যেসব প্রাণহানির ঘটনা ঘটছে, তা ঘটছে ‘ক্রসফায়ারে’। অতীতে এইচআরডব্লিউ দেখেছে, কথিত গোলাগুলির ঘটনা বোঝাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ শব্দটি ব্যবহার করে থাকে। কিন্তু বাস্তবে এগুলো দৃশ্যত ইতিমধ্যেই হেফাজতে থাকা মানুষ মেরে ফেলারই ঘটনা।
মানবাধিকার সংগঠনটির এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস এই বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে আমরা বিরোধী দলের সদস্যদের কথিত ক্রসফায়ারে হত্যার এক আতঙ্কজনক ধরন লক্ষ করছি। বাংলাদেশ সরকারের উচিত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ওপর যথাযথ নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং এসব মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের নির্দেশ দেওয়া।’