'বিচারব্যবস্থা পুরোপুরি নারী বান্ধব হয়ে উঠতে পারেনি'
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান বিচারব্যবস্থায় মামলার জট ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। বলা হয়ে থাকে, ফৌজদারি আদালতে প্রায় ২০ লাখের মতো মামলা জমে আছে। কোনো কোনো মামলা নিষ্পত্তি হতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত লাগছে। ফলে বিচারপ্রার্থীদের সময় ও টাকা দুটিই বেশি লাগছে। এ ছাড়া নির্যাতনের শিকার নারীদের জন্য বিচারব্যবস্থা পুরোপুরি নারীবান্ধব হয়ে উঠতে পারেনি।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরি, ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং বিভিন্ন সম্ভাবনা চিহ্নিত করার উদ্দেশ্যে আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘জাস্টিস সেক্টর ফ্যাসিলিটি’ প্রকল্পের সহায়তায় আইন মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে বিচারব্যবস্থা-সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা। সম্মেলনের প্রথম ও দ্বিতীয় দিনে ঢাকা ও ঢাকার বাইরে থেকে নারী নির্যাতনের মামলাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী, পুলিশ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুই দিনে সম্মেলনে অংশগ্রহণকারীদের দলীয় আলোচনার ভিত্তিতে নারী নির্যাতন প্রতিরোধে আইনি সহায়তার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কোনো মন্ত্রণালয় বা সংস্থা কী ধরনের ভূমিকা পালন করতে পারে, তা নিয়ে একটি কর্মকৌশল বা ‘রোডম্যাপ’ তৈরি করা হয়েছে। গতকাল রোডম্যাপটি পড়ে শোনান উন্নয়নকর্মী সানাউল মোস্তফা।