'বিচারহীনতার সংস্কৃতির কারণে অপকর্ম বাড়ছে'
আদিবাসী নারীদের প্রতি সহিংস ঘটনায় এ পর্যন্ত কোনো ব্যক্তির সাজা না হওয়া, কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনকারীদের পক্ষ নেওয়ায় নির্যাতনের ঘটনা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দুষ্কৃতকারীদের অপকর্ম বাড়ছে।
গতকাল সোমবার রাঙামাটিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন৷
রাঙামাটি শহরের রাজবাড়ি সড়কের মালেইয়া ফাউন্ডেশন মিলনায়তনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক (ডব্লিউআরএন) আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন ডব্লিউআরএনের কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালিকা ত্রিপুরা।
আইনজীবী সুস্মিতা চাকমা ধারণাপত্রে একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বলেন, শুধু চলতি বছরের প্রথম চার মাসে ১৯ জন আদিবাসী নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে দুজনকে ধর্ষণের পর হত্যা, নয়জনকে ধর্ষণ, সাতজনকে ধর্ষণের চেষ্টা এবং একজনের শ্লীলতাহানি করা হয়েছে৷ এ ছাড়া ২০০৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট ১৭৫ জন নারী সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ২০০৭ সালে সহিংসতার শিকার হন নয়জন৷ আর ২০১৩ সালে ৫৩ জন।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির কেন্দ্রীয় সভাপতি গৌতম দেওয়ান, রাঙামাটি জেলা সভাপতি মংসানু চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, দ্বীননাথ তঞ্চঙ্গ্যা, ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের জেন্ডার ও স্থানীয় দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মকর্তা ঝুমা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি কুমার চাকমা, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কণিকা বড়ুয়া৷