'বিচারহীনতার সংস্কৃতির ফলে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে হত্যা, ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের চকবাজার মোড়ে তনু হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য। সাধারণ শিক্ষার্থীদের আহ্বান করা ছাত্র ধর্মঘটের সমর্থনে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তনুর হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা বলেন, তনু ধর্ষণ ও হত্যার ঘটনা বাংলাদেশের প্রথম ঘটনা নয়। স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের ঘটনা ঘটে চলছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে।
ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর শাখার সভাপতি ফরহাদ জামানের সভাপতিত্বে ও ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক দীপা ভট্টচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের নগর শাখার সভাপতি লোকেন দে, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক নাহিদ আল মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (একাংশ) নগর শাখার সাধারণ সম্পাদক পার্থ প্রতীম নন্দী ও অন্য অংশের সাধারণ সম্পাদক আরিফ মইন উদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের সংগঠক সুচয়ন চাকমা প্রমুখ। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন যৌন নিপীড়নবিরোধী তরুণ মঞ্চের সমন্বয়ক স্বাক্ষর শুভ।
সমাবেশ শেষে চকবাজার থেকে শুরু হওয়া একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী পাহাড় মোড়ে এসে শেষ হয়।