মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রমের সব তথ্য মানুষের জন্য উন্মুক্ত থাকা দরকার বলে মন্তব্য করেছেন যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন জে র্যাপ। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন শেষে গতকাল রোববার তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।স্টিফেন জে র্যাপ বলেন, ন্যায়বিচার শুধু করলেই হবে না, ন্যায়বিচার হচ্ছে—সেটা মানুষকে দেখাতে হবে। দেশের প্রত্যেক মানুষের ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে জানার অধিকার রয়েছে। এ জন্য ট্রাইব্যুনালের কার্যক্রম-সংক্রান্ত তথ্য মানুষের জন্য সহজলভ্য করতে হবে। যদি সম্ভব হয় তবে ভিডিওচিত্র প্রদর্শন করতে হবে।মার্কিন এই দূত বলেন, ট্রাইব্যুনালের বিধিমালায় কিছু সংশোধনী আনার জন্য যে পরামর্শ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেগুলোর কিছু বাস্তবায়ন দেখা গেছে। ট্রাইব্যুনালের বিচার-প্রক্রিয়া এবং আইনি চর্চায় সেই সংশোধিত বিধির কতটুকু চর্চা হচ্ছে, সেটা দেখার বিষয়।পরে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত ট্রাইব্যুনালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। বিচার-প্রক্রিয়াকে স্বচ্ছভাবে এগিয়ে নেওয়ার জন্য তিনি কিছু পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণসুবিধা দিতে আগ্রহী।এক প্রশ্নের জবাবে ডেপুটি রেজিস্ট্রার বলেন, বাংলাদেশের আইনজীবী সমিতির অনুমোদন ছাড়া কোনো বিদেশি আইনজীবী বাংলাদেশের কোনো আদালতে বিচারিক কার্যক্রমে অংশ নিতে পারেন না। বিষয়টি র্যাপকে জানানো হয়েছে। তবে কেউ চাইলে বিদেশি আইনজীবীদের পরামর্শ নিতে পারবেন, তবে সেটা আচরণবিধি অনুসারে হতে হবে।সকাল সাড়ে ১০টার দিকে র্যাপ ট্রাইব্যুনালে শুনানি পর্যবেক্ষণ করেন। পরে তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান, সদস্য, ডেপুটি রেজিস্ট্রার ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।নিউএজের বিরুদ্ধে রুলের শুনানি: ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিরুদ্ধে আদালত অবমাননা রুলের শুনানি গতকাল শুরু হয়েছে। নিউ এজ-এর সম্পাদক ও প্রতিবেদকের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান যুক্তি তুলে ধরেন। ট্রাইব্যুনাল ১ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।নিউ এজ-এর প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান, সম্পাদক নুরুল কবির ও প্রতিবেদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে গত ৩ অক্টোবর আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল।