ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেছেন, এই রাষ্ট্রে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, জাতীয় চার নেতা হত্যার ইনডেমনিটি (দায়মুক্তি অধ্যাদেশ) বাতিল করা হয়েছে। তবে ত্বকী হত্যার বিচারে এত অনীহা কেন?
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তিন বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট এলাকায় সৈয়দ আলী চেম্বারের সামনে আয়োজিত সমাবেশে পংকজ ভট্টাচার্য এ কথা বলেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এর আয়োজন করে। ত্বকীর বাবা ও ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি এতে সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। একই বছরের ৮ মার্চ তার লাশ উদ্ধার করা হয়।
পংকজ ভট্টাচার্য বলেন, ‘তিন বছর আগে একটি সিন্ডিকেটের হাতে, গডফাদারের হাতে ত্বকীকে জীবন দিতে হয়। সিন্ডিকেটের বিরুদ্ধে, গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে পিতার লড়াইয়ে শিশু ত্বকী জীবন দিয়ে গেছে। এ যে কত বড় আত্মদান, তা বলে শেষ করা যাবে না। কথা ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই রাষ্ট্র শিশুদের জন্য নিরাপদ হবে। কিন্তু শিশু ত্বকীকে ওই সিন্ডিকেট, গডফাদাররা বাঁচতে দেয়নি। আমরা বলতে চাই, এটা সিন্ডিকেটের রাষ্ট্র না, এটা মুক্তিযুদ্ধের রাষ্ট্র।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস।
মনজুরুল আহসান খান বলেন, দেশে রাজন ও রাকিব হত্যার বিচার হয়েছে। কিন্তু তিন বছরে ত্বকী হত্যার অভিযোগপত্র পর্যন্ত দেওয়া হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কিন্তু ত্বকী হত্যার বিচার হচ্ছে না, এর কারণ কী? ওই সব হত্যাকাণ্ডের ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক ছিলেন, তাই বিচার হয়েছে। এখন মানুষ কি বলবে যে ত্বকী হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে তাঁর আন্তরিকতা নেই, তাই বিচার হচ্ছে না?
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে মনজুরুল আহসান খান আরও বলেন, ‘আপনার পিতার হত্যার বিচারের জন্য যেমন আন্দোলন-সংগ্রাম করেছি, তেমনি ত্বকী হত্যার বিচারের জন্যও সংগ্রাম করছি। ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনার পিতা একদিন খন্দকার মোশতাককে কাছে টেনে নিয়েছিলেন, এর পরিণতি কী হয়েছে, সেই ইতিহাস আপনি জানেন। আপনিও ওই সব সন্ত্রাসী, গডফাদারদের ত্যাগ করুন, ত্বকী মঞ্চকে কাছে টেনে নেন।’
ত্বকী হত্যাকাণ্ডের তিন বছর পূর্তি উপলক্ষে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সমাবেশ হয়। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের অনীহা’ শীর্ষক গোলটেবিল বৈঠক হবে। আগামীকাল রোববার ত্বকীর কবর জিয়ারত, মিলাদ মাহফিল এবং বিকেলে নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউটে শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।