'বিচারের আশা দুরাশা মাত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশক ফয়সল আরেফিন হত্যা ও তিন লেখক-প্রকাশককে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থী, লেখক ও নাগরিকবৃন্দ l প্রথম আলো
প্রকাশক ফয়সল আরেফিন হত্যা ও তিন লেখক-প্রকাশককে হত্যাচেষ্টার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থী, লেখক ও নাগরিকবৃন্দ l প্রথম আলো

প্রকাশক ফয়সল আরেফিন হত্যা এবং আরেক প্রকাশকসহ তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, লেখক ও নাগরিকেরা গতকাল রোববার বিক্ষোভ সমাবেশ করেছেন।
সমাবেশে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, এই হত্যাকাণ্ডের বিচারের আশা করা দুরাশামাত্র। গত কয়েক বছরে যেসব গুপ্ত হত্যা হয়েছে, সেগুলোর একটিরও বিচার হয়নি। এ কারণেই প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা ছেলে হত্যার বিচার চান না।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ হয়। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রকাশক, সুশীল সমাজ ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল নিয়ে কয়েকটি ছাত্রসংগঠন সমাবেশে সংহতি জানায়।
সৈয়দ আবুল মকসুদ বলেন, আজ মানুষ এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতেও ভুলে যাচ্ছে। রাষ্ট্র যদি তার অবস্থান নিশ্চিত না করে, তবে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা নষ্ট হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মোহাম্মদ তানজিমউদ্দিন খান বলেন, ‘এমন পরিস্থিতিতে রাষ্ট্রের প্রতি আস্থাহীনতাই স্বাভাবিক। এই অনাস্থাই জানিয়েছেন দীপনের বাবা।’
প্রকাশক দেলোয়ার হোসেন বলেন, ‘আমার কথা তিনটা। হয় ৪৮ ঘণ্টার মধ্যে এই হত্যার বিচার করতে হবে, অথবা ৪৮ ঘণ্টার মধ্যে আমাকেও হত্যা করতে হবে।’
শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসান এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার (আজ) সারা দেশে বইয়ের দোকান বন্ধ থাকবে।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিক-উজ-জামান, শান্তনু মজুমদার, ফাহমিদুল হক, সামিনা লুৎফা, আকমল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর প্রমুখ বক্তব্য দেন।
হরতালের ডাক গণজাগরণ মঞ্চের: প্রকাশক ফয়সল আরেফিন হত্যা এবং প্রকাশক আহমেদুর রশীদ, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল মঙ্গলবার সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ।
গতকাল রোববার বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হলে হরতাল কর্মসূচি নিয়ে বিবেচনা করা হবে। একই দাবিতে আজ সোমবার সারা দেশে শোক পালন করবে গণজাগরণ মঞ্চ। তিনি সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানান। সন্ধ্যায় হরতালের সমর্থনে শাহবাগ থেকে মশাল মিছিল হবে।
সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি খালেকুজ্জামান, নিজেরা করির সমন্বয়ক খুশি কবির প্রমুখ বক্তব্য দেন।
ফয়সল হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্রসংগঠন।