‘বিজনেস ফর পিস পুরস্কার তরুণদের জন্য দৃষ্টান্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনে টাকার দরকার আছে, কিন্তু টাকাই সবকিছু নয়। সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতা মেনে ব্যবসা করেও বিশ্ব স্বীকৃতি অর্জন করা সম্ভব। সততা ও নৈতিকতা ছাড়া ব্যবসা দীর্ঘস্থায়িত্ব পাবে না।গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এফএএ) ‘ফিন্যান্স ফেস্ট-১২’ উদ্যাপন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘মানুষের জীবনে টাকার দরকার আছে, কিন্তু টাকাই সবকিছু নয়। সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিকতা মেনে ব্যবসা করে যে বিশ্ব স্বীকৃতি অর্জন করা সম্ভব, অসলোর বিজনেস ফর পিস পুরস্কার পেয়ে লতিফুর রহমান তা প্রমাণ করেছেন। দেশের তরুণ প্রজন্মের জন্য এটা অনুকরণীয় দৃষ্টান্ত।’অনুষ্ঠানে দেশের ব্যবসাক্ষেত্রে অনন্য অবদানের জন্য ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমানকে সম্মাননা দেয় এফএএ। উপাচার্য আরেফিন সিদ্দিক তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ এবং ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে লতিফুর রহমান ও মাহবুবুর রহমানের ব্যবসায়িক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘অ্যাডপ্ট এ স্টুডেন্ট’ নামে একটি কর্মসূচি নিয়েছে এফএএ। এ কর্মসূচির আওতায় গতকাল ১১ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর আগে সহায়তা দেওয়া হয় আরও ৫৬ জনকে।প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য আরেফিন সিদ্দিক এফএএর এ কর্মসূচির প্রশংসা করেন। তিনি বলেন, ‘এ ধরনের সহায়তাকে কোনোভাবেই যেন আনুকূল্য বা দয়া মনে করা না হয়। এটা সামাজিক দায়বদ্ধতা। এ জায়গায় আমরা একটু দুর্বল অবস্থায় আছি।’ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ‘অ্যাডপ্ট এ স্টুডেন্ট’ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকার আশ্বাস দেন। সম্মাননা প্রদানের উল্লেখ করে তিনি বলেন, ‘আর্থিক সমৃদ্ধিই কোনো প্রতিষ্ঠানের সাফল্যের মাপকাঠি নয়। ব্যবসাকে দীর্ঘস্থায়ী এবং টেকসই করার ক্ষেত্রে সততা ও নৈতিকতা থাকা জরুরি। এটি ছাড়া ব্যবসায় হয়তো মুনাফা অর্জন হবে, কিন্তু তা দীর্ঘস্থায়িত্ব পাবে না।...ব্যবসার ক্ষেত্রে টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু টাকাই একমাত্র নয়।’লতিফুর রহমান আরও বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতা মেনে সারাজীবন ব্যবসা করেছি। তরুণ প্রজন্মেরও উচিত একইভাবে ব্যবসায় এগিয়ে আসা। সেটি হলে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দেশের সীমানা ছাড়িয়ে ব্যবসা করতে পারবে।’মাহবুবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উল্লেখ করে বলেন, ‘অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সক্ষম এবং আমাদের জনশক্তি কর্মশক্তিপূর্ণ।’বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহবুবুর রহমান।ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এ এ মাহবুবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. জামাল উদ্দিন, এফএএর সভাপতি এম এ বাকি খলিলী, সহসভাপতি শাহজাহান মিনা প্রমুখ বক্তব্য দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।