চট্টগ্রামে বিজ্ঞান শিক্ষার চলমান সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন এ খাতে প্রাতিষ্ঠানিক মানোন্নয়নের। আর এ জন্য সবার আগে দরকার বিজ্ঞান শিক্ষার আধুনিক পাঠক্রম। পাঠক্রম তৈরিতে প্রচলিত গোপনীয়তার নীতি পরিহার করে সবার মতামত গ্রহণ করতে হবে। গতকাল শনিবার চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। ‘চট্টগ্রামে বিজ্ঞান শিক্ষার বর্তমান অবস্থা’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই) মিলনায়তনে। চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ আয়োজিত এ সভায় সহযোগিতা করে এ কে খান ফাউন্ডেশন। এ সভায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অধ্যাপক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সভায় হোসেন জিল্লুর রহমান আরও বলেন, ‘বর্তমানে বিদ্যালয়গুলোতে দক্ষ বিজ্ঞান শিক্ষকের অভাব রয়েছে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। বিজ্ঞানসম্মত পরিবেশ ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে নগরে বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা প্রয়োজন। এ ক্ষেত্রে সিএমসিসিআই সহায়তার আশ্বাস দিয়েছে। তাই চট্টগ্রামে বিজ্ঞান জাদুঘর গড়ে তোলার বিষয়ে আমরা আশাবাদী।’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বর্তমানে বিজ্ঞান শিক্ষার্থীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমায় দেশ ক্রমান্বয়ে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। এ সংকট উত্তরণে সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমান, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিকিরণ প্রাসাদ বড়ুয়া, এ এম মাহবুব চৌধুরী, অধ্যাপক এ এইচ ইসহাক চৌধুরী, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান রইসুল হক ও হাজী মুহম্মদ মুহসীন সরকারি কলেজের অধ্যাপক ইদ্রিস আলী।