'বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের উন্নতি সম্ভব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেছেন, বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের উন্নতি সম্ভব না।

গতকাল শনিবার সকালে রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ‘আল-আরাফাহ ব্যাংক তৃতীয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের’ জাতীয় পর্বের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। অধ্যাপক জামিলুর রেজা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে পৃষ্ঠপোষকতা করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। এতে সহযোগিতা করছে প্রথম আলো। ম্যাগাজিন অংশীদার হিসেবে আছে বিজ্ঞানচিন্তা। আয়োজকেরা জানিয়েছেন, দিনব্যাপী এই অলিম্পিয়াডের মাধ্যমে জুনিয়র, সেকেন্ডারি ও বিশেষ—এই তিন শ্রেণিতে ৫২ জন খুদে বিজ্ঞানীকে বাছাই করা হয়েছে। পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী এসব খুদে বিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আগামী ডিসেম্বরে নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলের ছয়জন সদস্য বাছাইয়ের লক্ষ্যে এই অলিম্পিয়াডটি অনুষ্ঠিত হয়। প্রথমে সারা দেশের নয়টি শহরে আঞ্চলিক পর্ব ও একটি অনলাইন ই-অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এসব পর্বে মোট সাড়ে পাঁচ হাজার প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে বিজয়ী ৪৮১ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। এখন এই পর্বে বিজয়ীদের নিয়ে ক্যাম্প করে ছয়জনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। এই ছয়জন আমস্টারডামে অনুষ্ঠেয় অলিম্পিয়াডে অংশ নেবে।

সকালে সারা দেশ থেকে আসা খুদে বিজ্ঞানীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আহ্বায়ক মুনির হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞানী রেজাউর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী প্রমুখ। বিকেলে সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহ-উপাচার্য এম আর কবীর, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লা প্রমুখ।