'বিজ্ঞানের যুক্তি বিশ্বাস করুন'
বিজ্ঞানের যুক্তি বিশ্বাস না করলে দার্শনিক হওয়া যায় না। আর দায়সারা গোছের বিষয়ের মধ্যে থাকলে কখনো দর্শন শাস্ত্রের উন্নয়ন হয় না।
গতকাল শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম দ্বিবার্ষিক সম্মেলনে অর্থনীতিবিদ আবুল বারকাত এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত ‘অর্থনীতি শাস্ত্রের বিকাশ ও নব্য উদারবাদী মতবাদ: দর্শনের দারিদ্র্য’ শীর্ষক বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা দায়সারা বিষয়ের মধ্যে যত দিন থাকব, তত দিন দর্শন শাস্ত্রের উন্নয়ন হবে না। যিনি বিজ্ঞানের যুক্তি বিশ্বাস করেন না, তিনি আর যা-ই হোন, দার্শনিক হতে পারবেন না।’ শিক্ষার্থীদের উদ্দেশে আবুল বারকাত বলেন, ‘আপনারা করপোরেট দার্শনিক ও বেচাকেনার দার্শনিক হবেন না। আপনাদের হতে হবে বৈজ্ঞানিক যুক্তিবাদী দার্শনিক।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় দর্শন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুই দিনব্যাপী সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। সম্মেলনের প্রথম দিনে গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়।
দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।