'বিজ্ঞানের সঙ্গে রাজনীতি মেশাবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানের সঙ্গে রাজনীতিকে না মেশানোর আহ্বান জানিয়ে নোবেল বিজয়ী বিজ্ঞানী স্যার রিচার্ড জন রবার্টস বলেছেন, ‘রাজনীতিতে হয়তো আরও বিজ্ঞানের চর্চার দরকার, কিন্তু বিজ্ঞানচর্চায় যত কম রাজনীতি হয়, ততই মঙ্গল।’ জিনগত পরিবর্তনের মাধ্যমে (জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম-জিএমও) উৎপাদিত শস্য দিয়ে বর্তমান বিশ্বের খাদ্যসংকট সমাধান করা উচিত বলেও মত দেন তিনি।

বুধবার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক জনবক্তৃতায় রিচার্ড এ কথা বলেন। প্রাণরসায়নবিদ ও অনুপ্রাণ জীববিজ্ঞানী রিচার্ড ১৯৯৩ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি বিশ্ববিখ্যাত জীববিজ্ঞান গবেষণা কেন্দ্র নিউ ইংল্যান্ডের বায়োল্যাবসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ২০১৬ সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের (আইএবি) সদস্য হিসেবে যোগ দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই জনবক্তৃতার আয়োজন করেছে।

অনুষ্ঠানে স্যার রিচার্ড জন রবার্টস তাঁর ‘কেন আপনি জিএমওএস ভালোবাসবেন’ শিরোনামে করা গবেষণা থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে জেনিটিক্যালি মডিফাইড করা কোনো জীব, যাতে জিন প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রিচার্ড বলেন, ইউরোপ বা আমেরিকায় খাদ্যসংকট নেই। তাদের হয়তো জিএমও দরকার নেই। কিন্তু আফ্রিকা বা উন্নয়নশীল দেশগুলোর খাদ্যসংকট সমাধানে জিএমও খুবই জরুরি।

গ্রিন পিস ইন্টারন্যাশনালের সমালোচনা করে রিচার্ড বলেন, তাঁরা কোনো বৈজ্ঞানিক যুক্তি ছাড়াই জিএমওর বিরুদ্ধে প্রচার চালায়। বাস্তবতা হলো, এতে কোনো ক্ষতি নেই। বরং যাদের খাবারের অভাব আছে, যেখানে অপুষ্টি আছে, সেখানে এটি একটি কার্যকর পদ্ধতি হবে। কারণ, এ পদ্ধতিতে চাষাবাদ করলে প্রচুর ফলন পাওয়া যায়, যা মানুষ, জীব এবং উদ্ভিদ তথা সবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এ ছাড়া জিন প্রকৌশলের মাধ্যমে উৎপাদিত খাবার কোনোভাবেই ক্ষতিকর নয়। বরং এটি অন্য খাবারের চেয়ে নিরাপদ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। তাঁরা রিচার্ডকে নানা ধরনের প্রশ্ন করেন। অনেকেই এ সময় জিএমওর বিপক্ষে তাঁদের মত দেন। জিন প্রযুক্তির মাধ্যমে কোনো শস্য বদলে ফেলা নৈতিক কি না, জানতে চাইলে রিচার্ড বলেন, তিনি মনে করেন না এটি অনৈতিক। এটি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কোনো ব্যবসা কি না, জানতে চাইলে তিনি বলেন, জিএমওর সঙ্গে বহুজাতিক কোম্পানির কোনো সম্পর্ক নেই। আর কেউ অনৈতিক ব্যবসা করছে কি না, সেটা দেখার দায়িত্ব সরকারের।

গ্রিন পিস ইন্টারন্যাশনাল বা পরিবেশবাদীরা কেন জিএমওর বিপক্ষে জানতে চাইলে রিচার্ড বলেন, তাঁদের সঙ্গে কোনো নোবেল বিজয়ী নেই। মানুষকে বিষয়টা বোঝানো জরুরি। কারণ, এই বিশ্বে কেউ খাবার না পেয়ে মারা যাবে বা অপুস্টিতে ভুগবে—এটি মানা যায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, নর্থ সাউথ ২৫ বছর ধরে দেশে–বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে। নোবেল বিজয়ীকে ছাত্রছাত্রী ও গবেষকদের সামনে হাজির করা নতুন একটি ধাপ। অনুষ্ঠানে ধন্যবাদ দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান।