'বিজয় এসেছিল রক্তের সাগর পাড়ি দিয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পরাজিত করে বিশ্বে শান্তি আনার ব্যাপারে বড় ভূমিকা পালন করেছিল সোভিয়েত ইউনিয়ন। একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সোভিয়েত ইউনিয়ন পালন করেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
কথাগুলো বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল সকালে রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর—নাৎসির বিরুদ্ধে বিজয়: রাজনৈতিক শিক্ষা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকসান্দর নিকোলায়েভ, তিনি এই আয়োজনের মূল প্রবন্ধ পড়েন। বক্তব্য দেন রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আলেকসান্দর ডিওমিন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অধ্যাপক সেলিনা মহসিন। অনেকের মধ্যে গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যাবেখ্ত ও চীনের রাষ্ট্রদূত মা মিংকুইং।
আলেকসান্দর নিকোলায়েভ বলেন, নাৎসিদের বিরুদ্ধে বিজয় এসেছে রক্তের সাগর পাড়ি দিয়ে। ২ কোটি ৬০ লাখ সোভিয়েত নাগরিক প্রাণ দিয়েছিল এই মহান দেশপ্রেমী যুদ্ধে। তিনি আরও বলেন, কোনো কোনো মহল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস ধ্বংস করার চেষ্টা করেছে, নতুন করে লেখার চেষ্টা করেছে, এমনকি তারা সোভিয়েত সৈন্যদের স্মৃতিধন্য ভাস্কর্য বা সমাধিও ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু তারা তা করতে পারেনি। যে জাতি পুরো ইউরোপকে নাৎসিবাদ থেকে নিষ্কৃতি দিয়েছে, সেই জাতি দমে যায়নি।
মা মিংকুইং বলেন, ক্ষমা করা যায়, কিন্তু ভোলা যায় না। ভবিষ্যৎ যুদ্ধ থেকে পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোফি অ্যাবেখ্ত বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো ইউরোপে দীর্ঘ সময় ধরে শান্তি টিকে আছে।
রাশিয়ান ফেডারেশন দূতাবাস ও রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল।