লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১৭ নম্বর ডারিকামারী ছিটমহলে এ সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির ভারতীয় অংশের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘ডিসেম্বর মাসের বিজয় দিবসের আগেই ছিটমহল বিনিময় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো কথায় আপনারা কান দেবেন না। ৬৭ বছর ধৈর্য ধরেছেন ও সহ্য করেছেন। আর কিছুদিন গেলেই সেই অধরা স্বাধীনতা পাব বলে আমরা আশা করছি।’
সমাবেশে সভাপতিত্ব করেন ১৭ নম্বর ডারিকামারী ছিটমহলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক, স্থানীয় ছিটমহল নেতা হাফিজুল ইসলাম প্রমুখ।
দীপ্তিমান সেনগুপ্ত আরও বলেন, তবে সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, এখন মানুষ জাগ্রত হয়েছে। আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না।’