'বিজয়' না আসা পর্যন্ত আন্দোলনে অঙ্গীকারবদ্ধ বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মানুষকে বিভ্রান্ত করতে সরকারের মন্ত্রীদের কেউ কেউ পর্দার আড়ালে সংলাপের কথা বলছেন বলে অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সমঝোতার বিষয়ে সরকারের কোনো আন্তরিকতা নেই বলেও তিনি দাবি করেন।
আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই দাবি করেন। ফখরুল বলেন, রাজনৈতিক সংকট নিরসন করতে হলে তফসিল স্থগিত করে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ‘বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে তাঁরা অঙ্গীকারবদ্ধ।
অজ্ঞাত স্থানে থাকা মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, ‘সরকারের মন্ত্রীদের কেউ কেউ বলছেন, পর্দার অন্তরালে সংলাপ চলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই অনৈতিক ও বেআইনি সরকার কোনো সমঝোতা চায় না। সমঝোতার বিষয়ে তাদের কোনো আন্তরিকতা নেই। জনগণকে বিভ্রান্ত করার জন্যই তারা এই তথাকথিত সংলাপের কথা বলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’
একই কারণে সরকারের ‘এজেন্টরা’ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমেও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা।
মির্জা আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য গ্রাম-গ্রামান্তরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। তথাকথিত প্রহসনের নির্বাচনে বেশির ভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। এতে প্রমাণিত হলো, দেশের বেশির ভাগ মানুষ এই নির্বাচন মেনে নেবে না।