'বিটিভির কিছু অসাধু কর্মকর্তা শিল্পীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র থেকে ছয় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা বাস্তবায়ন না করতে একটি অসাধু মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে ‘সম্মিলিত শিল্পী সমাজ—বেতার ও টেলিভিশন, চট্টগ্রাম’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিটিভির কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী একটি দালাল চক্রের সঙ্গে হাত মিলিয়ে সাধারণ শিল্পীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী পংকজ বৈদ্য সুজন ও দীপেন চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল ইসলাম, ফরিদ বঙ্গবাসী, সঞ্জিত আচার্য, আলাউদ্দিন আলী, কল্পনা লালা, ফজলুল কবির চৌধুরী, মুন্না মারুফ, অনামিকা তালুকদার, আনজুমান আরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিটিভির চট্টগ্রাম কেন্দ্র ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে এই কেন্দ্রটি নানা প্রকার অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিতে নিমজ্জিত ছিল। অবশ্য এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানটি কখনোই দুর্নীতিমুক্ত হতে চেষ্টা করেনি, তা নয়। কিছু গুণী এবং ভালো মানুষ চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁরা পুরোপুরি সফল হননি সময়স্বল্পতা কিংবা অপশক্তির প্রভাবে।’
বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের বর্তমান মহাব্যবস্থাপক জাঁ নেসার ওসমান যোগদানের পর এই কেন্দ্রে দুর্নীতি শূন্যের কোঠায় নেমে এসেছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘একশ্রেণির সুবিধাভোগী দালাল হিসেবে পরিচিত শিল্পীদের নিয়ে এই কেন্দ্রে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। বর্তমান প্রশাসন এই সিন্ডিকেট ভেঙে দেওয়ায় তাঁদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। এদের মধ্যে অনেকেই ছয় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচারের ঘোর বিরোধী।’
সংবাদ সম্মেলনে অতীতের সব ধরনের অনিয়মের তদন্তের দাবি জানানো হয়। এ ছাড়া শিল্পী সম্মানী বৈষম্য দূর ও ভালো মানের অডিও স্টুডিও স্থাপনেরও দাবি জানানো হয়।